সৈকতে নিরাপদ গোসল নিয়ে উদ্বেগ কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দ্বিতীয় দিনে গত শনিবার দুপুরে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে গিয়ে মারা যায় দুই শিশু তাসমিন আকতার ও মিনা আকতার। আর গতকাল রোববার পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। কয়েক বছর ধরেই কক্সবাজার সৈকতে নিরাপদে গোসল করা নিয়ে পর্যটকদের উদ্বেগ বাড়ছে। 

গত জুন ও জুলাই মাসে কক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শিশু তাসমিন আকতারের (১২) বাবা কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসিন্দা লোকমান হাকিম বলেন, এই সৈকতকে কেন্দ্র করে বছরে হাজার কোটি টাকার ব্যবসা হয়। তারপরও সমুদ্রে নেমে গোসল শেষে ফিরে আসার নিশ্চয়তা নেই। সেদিন তাসমিনের সঙ্গে ডুবে মারা গেছে তার খালাতো বোন মিনা আকতার (১৩)।

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশনের’ পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, সৈকতের কোথাও নিরাপদ গোসলের ব্যবস্থা নেই। গত ১১ বছরে সৈকতে গোসলে নেমে মারা গেছেন ৭৮ জন পর্যটক। মুমূর্ষাবস্থায় উদ্ধার করা হয়েছে তিন হাজারেরও বেশি পর্যটককে।

ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে দলে দলে পর্যটক ছুটে এলেও পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি, দরিয়ানগর, টেকনাফ ও সেন্ট মার্টিনে জীবনের ঝুঁকি নিয়ে গোসলে নামছেন পর্যটকেরা। এসব সৈকতে গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধার করার মতো কেউ নেই।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ভাটার সময় গোসল করতে না নামতে সৈকতের বিভিন্ন অংশে লাল নিশানা উড়ানো হলেও পর্যটেকদের অনেকেই নিষেধাজ্ঞার বিষয়টি মানতে চান না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা বলেন, সৈকতের লাবণী পয়েন্টকে সুইমিং জোন ঘোষণা করা হয়েছে। এখানে জোয়ার-ভাটা হিসাব করে পর্যটকদের গোসলে নামার কথা। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে অনেকে বিপদে পড়ছেন। সুইমিং জোনের কিছু এলাকা লোহার নেট দিয়ে ঘিরে পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে।

এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পর্যটকদের মধ্যে ফুল বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, পৌরসভার মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার প্রমুখ।

আবুল কাশেম সিকদার প্রথম আলোকে বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে দেড় লাখ পর্যটকের সমাগম ঘটছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত পর্যটকের এই সমাগম থাকবে।

গতকাল বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, হাজার হাজার পর্যটকে ভরপুর সৈকতের এই এলাকা। পর্যটকদের ছবি তোলার কাজ করা রহিম নামের একজন আলোকচিত্রী বলেন, আগে রাত ১০টার পর সৈকতে পর্যটকেরা থাকতে পারতেন না। এখন ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা দেওয়ায় ভোর পর্যন্ত পর্যটকেরা সৈকতে অবস্থান করতে পারেন। এতে তাঁর আয় বেড়েছে।

রাজশাহী থেকে আসা পর্যটক ছিদ্দিকুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির কয়েকটা দিন বেড়াতে ছেলেমেয়েদের নিয়ে ছুটে এসেছি। কিন্তু নিরাপদ গোসলের ব্যবস্থা না থাকায় সমুদ্রে নামতে পারিনি। গত শনিবার নাকি দুই শিশু ভেসে গেছে।’

ঢাকার মগবাজারের ব্যবসায়ী সাকিল আহমদ জানান, ‘এত মানুষের সমাগম ঘটবে তা ভাবিনি। পর্যটকদের কয়েক দিন ধরে রাখার মতো বিনোদনের কিছু অবশ্য নেই।’

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান বলেন, শহরের চার শতাধিক হোটেল মোটেলে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে কক্ষ ভাড়া নিতে পারছেন পর্যটকদেরা। এই সুবিধা ডিসেম্বর পর্যন্ত থাকবে। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। সৈকতের শৈবাল, লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ভ্রমণে আসা পর্যটকদের দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে রাত ১০টা পর্যন্ত পর্যটকেরা হিমছড়ি, দরিয়ানগর, ইনানী সৈকত ভ্রমণের সুবিধা পাচ্ছেন।