সৈকতে নেমে সংগীতশিল্পীর মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন রাজিউল হাসান আখন্দ ওরফে রাজি (৩০) নামের এক সংগীতশিল্পী। গতকাল মঙ্গলবার লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিউল ঢাকার রায়েরবাজার এলাকার বাসিন্দা।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর বলেন, দুপুরে রাজিউলসহ ঢাকা থেকে আসা সাতজন সৈকতে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় রাজিউল ভেসে যান। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা রাজিউলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রাজিউলসহ অন্যরা ঢাকা থেকে রাতের বাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করতে কক্সবাজার আসেন। সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, রাজিউলসহ অন্যরা যখন সমুদ্রে নামেন, তখন ভাটা ছিল।
রাজিউলের বন্ধু সুমন বলেন, রাজিউল ‘নর্থ দি ইস্ট ব্যান্ড’-এর বেইস গিটারিস্ট ও ভোকাল ছিলেন। বিকেলে তাঁরা লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।