সৈকতে নয়, মেরিন ড্রাইভ সড়কে হবে হাঁটা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতে নয়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হবে ১০০ কিলোমিটার হাঁটা কর্মসূচি। আজ শনিবার সকালে শুরু হতে যাওয়া তিন দিনের এই কর্মসূচিতে অংশ নেবেন অর্ধশতাধিক তরুণ শিক্ষার্থী।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাঁটা কর্মসূচির আয়োজকেরা এই তথ্য জানান।
‘থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংগঠন ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’ নামের হাঁটা কর্মসূচির আয়োজন করেছে।
সমুদ্রসৈকতের জীববৈচিত্র্য রক্ষায় এই হাঁটা কর্মসূচি বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিল কক্সবাজার পিপলস ফোরাম এবং কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ নামের দুটি সংগঠন। তাদের দাবি, সমুদ্রসৈকতে হাঁটা কর্মসূচি পালিত হলে বালিয়াড়িতে বিচরণরত লাল কাঁকড়া ও ডিম পাড়তে আসা মা কচ্ছপের ক্ষতি হবে। নষ্ট হবে বালুচরে থাকা কচ্ছপের ডিম।
সংবাদ সম্মেলনে ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’-এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে তুলে ধরতেই এই আয়োজন। অংশগ্রহণকারীরা বালিয়াড়ি দিয়ে হাঁটবেন না। তাঁরা সৈকতঘেঁষা দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ দিয়ে শাহপরীর দ্বীপ পর্যন্ত যাবেন। তিনি জানান, আজ শনিবার সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে হাঁটা কর্মসূচি শুরু হবে। তিন দিনের এই কর্মসূচির প্রথম দিন ইনানীর একটি রেস্টহাউসে ক্যাম্পিং হবে। সেখানে স্থানীয়দের অংশগ্রহণে আলোচনা সভা হবে। স্থানীয় লোকজনকে সৈকতের পরিবেশ রক্ষার জন্য উদ্বুদ্ধ করা হবে। এরপর ইনানী থেকে ৪৮ কিলোমিটার দূরে নোয়াখালীপাড়ায় দ্বিতীয় ক্যাম্প হবে। তৃতীয় দিন শাহপরীর দ্বীপ গিয়ে কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, পর্যটন করপোরেশনের প্রতিনিধি পারভেজ আহমেদ চৌধুরী, বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহবুব জামান, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজারের (টুয়াক) সভাপতি রেজাউল করিম।