সৈকতে প্রতিমা বিসর্জন উৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন উৎসবে সার্বিক নিরাপত্তার দাবি করেছে কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদ।
গতকাল শনিবার বেলা ১১টায় শহরের ব্রাহ্মমন্দিরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে পূজা উদ্যাপন পরিদের সভাপতি রণজিত দাশ বলেন, আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। এবার জেলার সদর, রামু, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া ও টেকনাফে ২৫০টি মণ্ডপে পূজা করা হবে। ১৪ অক্টোবর বিকেলে সব প্রতিমা বিসর্জন দেওয়া হবে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে। এই বিসর্জন উৎসবে দেড় লাখের বেশি মানুষের সমাগম ঘটানো হবে। তাই নিরাপত্তা জরুরি। গত বছর প্রতিমা নিয়ে আসার সময় দুটি স্থানে ভাঙচুর ও হামলা হয়েছিল।
পূজা উদ্যাপন পরিদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, ‘এবারের দুর্গা পূজায় শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে মণ্ডপের বাইরে রং ছিটানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে কোরবানির পশুর হাট বসানো এবং এসব হাটের ওপর দিয়ে ট্রাক বহরে করে দুর্গা প্রতিমা সৈকতে আনার সময় সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা নিরাপত্তার জন্য পুলিশসহ সব মহলের সহযোগিতা চাইছি।’
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর রাজবিহারী দাশ প্রমুখ।
নিরাপত্তা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, এবারও সমুদ্রসৈকতে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ রাখা হবে।