সৈকতে প্রাণীর মৃতদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের যত্রতত্র পড়ে থাকছে বিভিন্ন প্রাণীর মৃতদেহ। এতে চারপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা।
সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ইকোপার্ক, গঙ্গামতি সংরক্ষিত বনসংলগ্ন স্থান আর পশ্চিম দিকের খাজুরাসংলগ্ন সৈকতের বিভিন্ন স্থানে বালুচরে হাঙর, কচ্ছপ, ছাগলের মৃতদেহ পড়ে আছে। এগুলোর পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সমুদ্র থেকে উঠে আসা জেলেরা সৈকতেই জাল পরিষ্কার করছেন।
খাজুরা এলাকার জেলে কামাল হোসেন ও দুলাল মিয়া জাল পরিষ্কার করতে করতে বলেন, ‘সাগরগোনে মাছ ধইর্যাক আইয়া সাগরের বালির চরে বইয়া মোরা তো হারা বছরই এই রহম জাল পরিষ্কার করি। কেউ তো কোনো সময় ডাক লয় নাই।’ এসব ছোট মাছ জাল থেকে ছাড়িয়ে সৈকতে ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি অবশ্য জেলেরা স্বীকার করেছেন।
কুয়াকাটায় বেড়াতে আসা কয়েকজন সৈকতের এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। ফেনী থেকে আসা এম সাইফুদ্দিন রূপম বলেন, ‘আমি প্রথমবারের মতো কুয়াকাটা এলাম। কিন্তু সৈকতের যে পরিবেশ তা দেখে হতবাক হয়েছি। দুর্গন্ধে তো দাঁড়ানোই যায় না।’ ঢাকার পর্যটক ইকবাল কবীর জানান, কুয়াকাটায় এবার নিয়ে তিনি তিনবার এসেছেন। আগেও সৈকতে এভাবে মরা-পচা প্রাণী পড়ে থাকতে দেখেছেন, এবারও সেই একই অবস্থা দেখলেন।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘এভাবে বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ থেকে বাতাস-পানি দূষিত হয়ে রোগ-জীবাণু ছড়াতে পারে। পর্যটকদের স্বার্থে এগুলোকে মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করতে হবে।’
সৈকতের রক্ষণাবেক্ষণের জন্য কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটি নামে একটি কমিটি রয়েছে।
কমিটির সদস্যসচিব ও কুয়াকাটার একটি পর্যটন মোটেলের ব্যবস্থাপক আজহারুল ইসলাম বলেন, ‘নতুন কমিটি গঠন হওয়ার পর এ পর্যন্ত কোনো সভা হয় নাই। তা ছাড়া সৈকত রক্ষণাবেক্ষণ করতে হলে অর্থের প্রয়োজন। এই অর্থের সংস্থান কীভাবে হবে, আর কমিটিই বা কীভাবে চলবে তার কোনো নির্দেশনা নেই। এর ফলে রক্ষণাবেক্ষণ কাজ মোটেই হচ্ছে না।’ এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে স্থানীয় প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে কোনো সদস্য রাখা হয়নি। এতেও সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমিতাভ সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। কমিটির নির্দেশনা আছে, সৈকত যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে ও পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এখনই সৈকত পরিষ্কার করার নির্দেশ দিয়ে দিচ্ছি।’