সৈকতে বেওয়ারিশ কুকুর, বিপাকে পর্যটক
কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুরু হয়েছে।
অন্যদিকে কুকুরের দল সৈকতের বিচরণরত হাজার হাজার লাল কাঁকড়া, কচ্ছপ ও কচ্ছপের ডিম খেয়ে ফেলছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।
গতকাল শনিবার সকাল সাতটায় সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট ঘুরে দেখা গেছে, ২০টির বেশি বেওয়ারিশ কুকুর এদিক-ওদিক ঘুরছে এবং জোয়ারে ভেসে আসা পচা মাছ ও হাঙর খাচ্ছে। সৈকতের শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট ও কলাতলী পয়েন্টেও একই অবস্থা দেখা গেছে। সৈকত তীরের ঝাউবাগানের ভেতরেও দেখা গেছে শতাধিক কুকুরের বেপরোয়া বিচরণ।
ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক শাহাবউদ্দিন (৪৪) বলেন, সকালে হাঁটতে সৈকতে নেমেছি। কিন্তু বেওয়ারিশ কুকুরের জন্য স্বাভাবিক হাঁটাচলা করা যাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, কুকুর নিধনের বিপরীতে পরিবেশ অধিদপ্তরের বরাদ্দ নেই। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে বেওয়ারিশ কুকুরগুলো নিধন জরুরি।