সৈকতে ভেসে আসছে মরা কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন সৈকতে পড়ে আছে একটি মৃত মা কচ্ছপ। গতকাল দুপুরে সৈকতের উত্তর পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো
সেন্ট মার্টিন সৈকতে পড়ে আছে একটি মৃত মা কচ্ছপ। গতকাল দুপুরে সৈকতের উত্তর পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো

চলছে কচ্ছপের প্রজনন মৌসুম। সৈকতে ডিম পাড়তে গভীর সাগর থেকে ঝাঁকে ঝাঁকে আসছে মা কচ্ছপ। এ সময় বহু কচ্ছপ উপকূলে জালে আটটা পড়ছে। পরে জেলেরা সেগুলো হত্যা করে সাগরে ফেলে দেন। জোয়ারে এসব মরা কচ্ছপ ভেসে আসে সৈকতে। এর কিছু কুকুরে খায়। আর কিছু পচে দুর্গন্ধ ছড়ায়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার উপকূলের ১২০ কিলোমিটার এলাকায় ১৫ হাজারের বেশি ছোট-বড় নৌকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরেন জেলেরা। প্রতিবছর শীত মৌসুমে প্রজনন মৌসুমে (ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত) কয়েক হাজার মা কচ্ছপ গভীর সমুদ্র থেকে সৈকতে আসে। কিন্তু জালে আটকা পড়ে অনেক মা কচ্ছপ মারা যাচ্ছে। কিছু কচ্ছপ সৈকতে আসার পরও ডিম ছাড়তে পারছে না। কারণ, ক্লান্ত কচ্ছপগুলো সৈকতে পৌঁছার পর বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে সৈকতের সমিতিপাড়া, নাজিরারটেক ও ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট ঘুরে দেখা গেছে ১৫টির বেশি মরা কচ্ছপ। একাধিক কচ্ছপের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি কচ্ছপের গলা কেটে ফেলা হয়েছে।
উপকূলবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে জোয়ারের পানিতে উখিয়ার ইনানী, মনখালী, টেকনাফের বাহারছড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন সৈকতে ভেসে আসছে মরা কচ্ছপ।
গত বুধ ও মঙ্গলবার টেকনাফের মহেশখালীয়াপাড়া, হাদুরছড়া, নোয়াখালীয়াপাড়া, বড় ডেইল, জাহাজপুরা, কচ্ছপিয়া, শীলখালী সৈকত ঘুরে অন্তত ২৭টি মৃত কচ্ছপ পাওয়া যায়।
এ বিষয়ে কচ্ছপিয়া গ্রামের জেলে নবী হোসেন বলেন, গত চার দিনের জোয়ারে ৪০টির মতো মৃত কচ্ছপ ভেসে আসে। এর মধ্যে ২৫টি কুকুর খেয়ে ফেলে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অবশিষ্ট কচ্ছপ বালুর চরে পুঁতে ফেলা হয়েছে। মাছ ধরার জালে কচ্ছপ আটকা পড়লে জেলেরা ছেড়ে না দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। অনেকে কচ্ছপের খোলস ও ডিম সংগ্রহ করার জন্য পরিকল্পিতভাবে কচ্ছপ মেরে ফেলেন।
সৈকতে কচ্ছপ সংরক্ষণ নিয়ে কাজ করছেন বেসরকারি সংস্থা মেরিন লাইভ অ্যালায়েন্সের টেকনাফের গবেষণা সহকারী মো. হাসান। তিনি বলেন, সৈকতে কচ্ছপ সংরক্ষণের জন্য তাঁদের ১৭টি গ্রাম কমিটি রয়েছে। এই কমিটির সদস্যরা সৈকতের বালুচর থেকে কচ্ছপের ডিম হ্যাচারিতে সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর কাজ করেন। বাচ্চা ফোটানোর পর সমুদ্রে ছেড়ে দেন। কিন্তু রাত-দিন পাহারা বসিয়েও ডিম চুরি ঠেকানো যাচ্ছে না। সমুদ্রে নিষিদ্ধ জালে আটকা পড়ে মা কচ্ছপের মৃত্যুর পাশাপাশি সৈকতে ডিম পারতে এসেও কুকুরের আক্রমণে বহু কচ্ছপের মৃত্যু হচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গত বুধবার সৈকতে ১৫টি মৃত কচ্ছপ ভেসে আসে।
টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন, বৃহস্পতিবার বেশ কয়েকটি কচ্ছপ শ্রমিক নিয়োগ করে বালুচরের নিচে পুঁতে ফেলা হয়েছে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ বলেন, অবৈধ কারেন্ট জালে আটকা পড়েই অধিকাংশ মা কচ্ছপের মৃত্যু হচ্ছে। নিষিদ্ধ জাল উচ্ছেদে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, জালে আটকা পড়লে পিটিয়ে না মেরে যাতে কচ্ছপকে সাগরে ছেড়ে দেওয়া হয়, এ ব্যাপারে জেলেদের সচেতন করতে উপকূলীয় এলাকায় সভা-সমাবেশ করা হচ্ছে। কিন্তু জেলেদের তেমন সাড়া মিলছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. শাহ আলম বলেন, কচ্ছপ সমুদ্রের ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এভাবে কচ্ছপ হত্যার রোধ করা সম্ভব না হলে সামুদ্রিক পরিবেশ বিপন্ন হবে। পাশাপাশি উপকারী প্রাণীটির বিলুপ্তি ঘটবে। সাগরে বাংলাদেশের জলসীমানায় কচ্ছপ হত্যা রোধ করতে আইনের প্রয়োগ একান্ত প্রয়োজন।