সৈকতে ভেসে আসছে মরা শামুক-ঝিনুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে জোয়ারের পানির সঙ্গে কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণ মরা শামুক-ঝিনুক।
গত মঙ্গলবার সকালে টেকনাফের মহেশখালীয়াপাড়া, হাদুরছড়া, বাহারছড়া, নোয়াখালীয়াপাড়া, বড় ডেইল, কচ্ছপিয়া ও শীলখালী সৈকত ঘুরে দেখা যায়, মরা শামুক-ঝিনুকে প্রায় ১৫ কিলোমিটার সৈকত ভরে আছে। শামুক-ঝিনুক পচে ছড়াচ্ছে দুর্গন্ধ।
সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপেও বিপুল পরিমাণ মরা শামুক-ঝিনুক ভেসে আসার খবর পাওয়া গেছে। ভেসে আসা শামুক-ঝিনুক স্থানীয় লোকজন সংগ্রহ করছে।
হাদুরছড়ার জেলে আমির হোসেন বলেন, ১৫ নভেম্বর সাগরে মাছ ধরার সময় জালে কয়েক মণ মরা শামুক আটকা পড়ে। অন্য জেলেদের জালেও শামুক-ঝিনুক আটকা পড়ছে। বিদেশি জাহাজ থেকে সমুদ্রে বর্জ্য ফেলার কারণে শামুক-ঝিনুক মারা যেতে পারে বলে তাঁদের সন্দেহ।
মঙ্গলবার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকতে শামুক-ঝিনুক সংগ্রহ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা কালা মিয়া ও মো. ইসলামকে। তাঁরা বলেন, শামুক-ঝিনুক দিয়ে মাছ ও মুরগির খাবার এবং চুন তৈরি করা হয়। এ জন্য তাঁরা শামুক-ঝিনুক আহরণ করছেন। প্রতি কেজি শামুক-ঝিনুক বিক্রি হয় ৩০ থেকে ৫০ টাকায়।
কালা মিয়া বলেন, কয়েক দিন ধরে জোয়ারের পানিতে শামুক-ঝিনুক ভেসে আসছে।
বড় আকৃতির শামুক-ঝিনুক চড়া দামে বিক্রি হয় কক্সবাজার সৈকতের ঝিনুক মার্কেটে। সেখানে শামুক-ঝিনুক দিয়ে তৈরি হয় ঝাড়বাতি, গলার মালা, হাতের বালা, ফুলদানি, চাবির রিং, কানের দুলসহ নানা শৌখিন জিনিসপত্র।
মহেশখালীয়াপাড়া সৈকতে ভেসে আসা শামুক-ঝিনুক কুড়াতে দেখা যায় ঢাকা থেকে আসা পর্যটক সামিয়া জাহান, আবছার কামাল ও মীর নেওয়াজকে। তাঁরা বলেন, এত বিপুল পরিমাণে শামুক-ঝিনুক ভেসে আসায় ঘটনা অনুসন্ধান করা জরুরি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, চার দিন ধরে সৈকতে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক ভেসে আসছে। একই কথা জানালেন টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলমও।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দীপক শর্মা বলেন, ২০১১ সালের মার্চ ও ডিসেম্বরেও এ রকম মৃত শামুক-ঝিনুক ভেসে আসতে দেখা গিয়েছিল। তখন বলা হয়েছিল, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পানিদূষণের কারণে শামুক-ঝিনুক মারা যাচ্ছে। কিন্তু এখন কী কারণে শামুক-ঝিনুক মারা যাচ্ছে, তা কেউ বলতে পারছেন না।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. হুমায়ুন মোরশেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অথবা ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশের আবাসস্থল নষ্ট হয়ে শামুক-ঝিনুক মারা যেতে পারে। পাশাপাশি দেশি-বিদেশি জাহাজ থেকে বর্জ্য ফেলার কারণেও এ সমস্যা হতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে গিয়ে এর কারণ অনুসন্ধানের মতো আধুনিক জলযান মৎস্য বিভাগের নেই।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, এর কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরা শামুক-ঝিনুকের দুর্গন্ধে এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।