সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গতকাল সোমবার সকালে প্রায় ৩০ কেজি ওজনের পাঁচ ফুট লম্বা একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উপকূলে পুঁতে রাখা নিষিদ্ধ ফাঁদ জালে আটকা পড়ে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ডুবুরি খুরশেদ আলম জানান, গতকাল সকাল আটটার দিকে কয়েকজন পর্যটক মরা ডলফিনটি নিয়ে সৈকতের পানিতে খেলা করছিল। অনেকে কোলে নিয়ে ছবি তুলছিলেন। সম্ভবত ডলফিনটি কিছুক্ষণ আগে জোয়ারের পানিতে ভেসে আসে। ডলফিনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এনামুল হক বলেন, এটি দুর্লভ প্রজাতির ‘হামবল ডলফিন’। এ রকম ডলফিন বিচরণ করে সুন্দরবন অঞ্চলে। দলছুট হয়ে এটি বঙ্গোপসাগরে ছুটে আসতে পারে। কক্সবাজার সমুদ্র উপকূলে পুঁতে রাখা অসংখ্য ফাঁদ জালে আটকা পড়ে এটি মারা যেতে পারে। এ রকম ডলফিন লম্বায় সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত হতে পারে।
এনামুল হক বলেন, মৎস্য গবেষণা কেন্দ্রের অ্যাকোরিয়ামে ডলফিনটি সংরক্ষণ করা হয়েছে।