সৈকতে ভেসে গেছে এক স্কুলছাত্র
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে আজ সোমবার বেলা দুইটার দিকে গোসল করতে নেমে ভেসে গেছে এক স্কুলছাত্র। তার নাম জামাল হোসেন (১২)। সে শহরের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। জামাল শহরের আলীর জাহান সিটি কলেজ এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে।
পুলিশ ও লাইফগার্ড সূত্র জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে ১০-১২ জন ছেলের সঙ্গে জামাল ও তার চাচাতো ভাই তানজিল সৈকতের কলাতলী পয়েন্টের সৈকতে নেমে ফুটবল খেলতে থাকে। বেলা একটার দিকে লাইফগার্ড কর্মীরা তাদের সৈকত থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। বেলা পৌনে দুইটার দিকে জামাল ও তানজিল আবার সৈকতে আসে এবং একটি টিউব নিয়ে তারা সমুদ্রে গোসলে নামে। সে সময় বিশাল একটি ঢেউয়ের ধাক্কায় দুজন টিউব থেকে ছিটকে পড়ে।
খবর পেয়ে সি সেভ লাইফগার্ডের কর্মীরা সমুদ্রে নেমে চাচাতো ভাই তানজিলকে (১২) উদ্ধার করতে পারলেও জামালকে খুঁজে পাননি। তানজিল একই এলাকার নুরুল আবছারের ছেলে। সে শহরের কালুরদোকার পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সি সেভ লাইফগার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও জামাল হোসেনের সন্ধান পাওয়া যায়নি। সৈকতে সৃষ্ট গুপ্তখালে সে আটকা পড়ে থাকতে পারে।