সৈকতে মশারি জালের খুঁটির জন্য ব্যবহূত হচ্ছে ঝাউগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতে নিষিদ্ধ মশারি জাল খুঁটিতে বেঁধে চিংড়ি পোনা ধরছে হাজার হাজার মানুষ। এসব খুঁটির জন্য কাটা হচ্ছে ঝাউগাছ। গত শনিবার সৈকতের কলাতলী, ইনানী, ছেপঠখালী, মনখালী, বাহারছড়া, শামলাপুর, জাহাজপুরা, বড়ডেইল, হাজামপাড়া, টেকনাফ, সাবরাং এলাকায় গিয়ে দেখা গেছে, নিষিদ্ধ জালের সঙ্গে সৈকতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির অধিকাংশই ঝাউগাছের। বড়ডেইল গ্রামে পোনা আহরণকারী মনছুর আলম (৪৮) জানান, তাঁর চারটি জালের জন্য ১৬টি খুঁটি বসাতে হয়েছে। তিনি এসব খুঁটির জন্য একজনের কাছ থেকে তিন হাজার টাকায় গাছ কিনেছেন। ওই ব্যক্তি টেকনাফের ঝাউবাগান থেকে গাছগুলো কেটেছেন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, সৈকতের ১০০ কিলোমিটার এলাকার প্রতিরক্ষা দেয়াল হিসেবে কয়েক লাখ ঝাউগাছ সৃজন করা হলেও অর্ধেকের বেশি সাবাড় হয়ে গেছে। আন্দোলন করেও সমুদ্রে নিষিদ্ধ জালে চিংড়ি পোনা আহরণ বন্ধ করা যাচ্ছে না। একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে ৩১ প্রজাতির পোনা ধ্বংস হচ্ছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মইনুদ্দিন আহমদ বলেন, ‘অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল উচ্ছেদ করা হলেও কয়েক দিন পর আবারও বসানো হয়। আগে লোকজন হাতে ঠেলে নিষিদ্ধ জালে পোনা ধরত। এখন গাছের খুঁটির সঙ্গে জাল বেঁধে রাখে। এ কারণে অভিযানের সময় লোকজনকে ধরা যাচ্ছে না।’ এ প্রসঙ্গে উখিয়া ইনানী রেঞ্জ কর্মকর্তা সুনীল দেবনাথ রায় প্রথম আলোকে বলেন, ‘অভিযান চালিয়ে খুঁটি জব্দ করা হয়। কিন্তু লোকবলের অভাবে সব খুঁটি তুলে ফেলা যাচ্ছে না।’ দেখা গেছে, প্রায় ১০০ কিলোমিটার সৈকতে সৃজিত ঝাউবাগানের অন্তত ৪০ হাজার গাছ কেটেছে দুর্বৃত্তরা। কক্সবাজার (দক্ষিণ) বনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুলকৃষ্ণ দাশ বলেন, এখন যে মুথা (গোড়ালি) দেখা যায়, সেগুলো কয়েক বছর আগে কাটা হয়েছে। তিনি আরও জানান, গত ৩০ জানুয়ারি পর্যন্ত চার মাসে ঝাউগাছ কাটার দায়ে ৩৯৯ জনের বিরুদ্ধে বন বিভাগ ৮৩টি মামলা করে। এর মধ্যে ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তার পরও রাতের বেলায় কিছু কিছু স্থানে ঝাউগাছ কাটা হচ্ছে। শিগগিরই যৌথ অভিযান চালিয়ে পুঁতে রাখা খুঁটি তুলে ফেলা হবে।