সৈকতে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করার দাবি
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা রোধ করতে গোসলের সময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক ও পর্যটন সংশ্লিষ্ট সংগঠন। তারা সৈকতের একটি নির্দিষ্ট স্থানে পর্যটকদের গোসল করার জন্য লোহার জাল দিয়ে ঘিরে রাখারও দাবি জানিয়েছে।এসব দাবি বাস্তবায়নে আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, সাগরে গোসল করতে নেমে প্রায়ই পর্যটকদের মৃত্যু হচ্ছে। এ ক্ষেত্রে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা খুবই জরুরি। পর্যটনভিত্তিক সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি তোফায়েল আহমদ জানান, কলাতলী থেকে ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট পর্যন্ত পর্যটকদের লাইফ জ্যাকেট সরবরাহ করতে পারে। নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত সংগঠন ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশন’ এবং পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’ এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।