সৈকতে সিংহের নৃত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে ‘সিংহের’ গর্জন আর নৃত্য। সেই সঙ্গে জানাচ্ছে, বন-জঙ্গল ধ্বংস না করে তাদের বাঁচতে দেওয়ার আকুতি।
গতকাল শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা মেলে এই দৃশ্যের। ‘মেগা বিচ কার্নিভ্যাল’ উপলক্ষে এই ‘লায়ন ডান্সের’ আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় শেষ হয় তিন দিনব্যাপী এই কার্নিভ্যাল।
সূর্যাস্তের পর একই স্থান থেকে আকাশে ওড়ানো হয় তিন শতাধিক ফানুস। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের এই দুটি আয়োজন মুগ্ধ করে পর্যটকদের।
জেলা প্রশাসন বলছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত চার লাখ পর্যটক কার্নিভ্যাল উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠান উপভোগ করে। গত ৩১ ডিসেম্বর সৈকতের লাবণী পয়েন্টে এই কার্নিভ্যালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সকাল সাড়ে সাতটায় সৈকতে বেলুন উড়িয়ে সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। এরপর চলে কাবাডি, মোরগ লড়াই, সার্ফিং, বালুর ভাস্কর্য প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান। বান্দরবানের সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে মুক্তমঞ্চে চলে পাহাড়ি মেয়েদের নৃত্যগীত। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত সংগীত পরিবেশন করে হাজারো দর্শকের মন জয় করেন, নিশীতা, ঝিলিক, আতিক হাসান, রাজীব, বারী সিদ্দিকী ও মিলা। ছিল জলের গানের পরিবেশনাও। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা মেগা বিচ কার্নিভ্যালের সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি এই বিচ কার্নিভ্যালের আয়োজন করে। সার্বিক ব্যবস্থায় ছিল গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের এই ‘মেগা বিচ কার্নিভ্যাল’ ব্যাপক সাড়া ফেলেছে। সামনে আরও বর্ণাঢ্য আয়োজনে কার্নিভ্যাল পালন করা হবে।