সৈকতে ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার বিকেল চারটা। টুকটুকে লাল একটি গোলাপ হাতে কক্সবাজার সৈকতে নামলেন টিন টিন রাখাইন। দাঁড়ালেন একাত্তরে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্যের সামনে। ভাস্কর্যের এক পাশে হাতের ফুলটি রেখে মাথা নত করে শ্রদ্ধা জানালেন। তারপর পেছনে সরে এসে অন্যদেরও শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিলেন। এরপর সন্ধ্যা পর্যন্ত চলে সৈকতে ভ্রমণে আসা শত শত পর্যটকের শ্রদ্ধা-ভালোবাসা জানানোর কর্মযজ্ঞ। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীণ ওয়ার্ল্ড’ দেশের মানুষকে মুক্তিযুদ্ধ এবং বীর শহীদদের আত্মত্যাগ সম্পর্কে ধারণা দিতে সৈকতের সার্ফিং পয়েন্টে দ্বিতীয় বারের মতো বিজয় বালু ভাস্কর্য উৎসবের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক মো. এনামুল হক, এ এ এম কাউসার হোসেন ও আতিকুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জন শিক্ষার্থী বালু ও পানি দিয়ে এই ভাস্কর্যগুলো নির্মাণ করেন।গতকাল বিকেল পাঁচটায় ভাস্কর্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার। এ সময় বক্তব্য দেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হামিদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পারভেজ আহমদ চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শুকুর আলী, গ্রীণ ওয়ার্ল্ডের নির্বাহী পরিচালক হেদায়েতুল ইসলাম প্রমুখ। সৈকতের সার্ফিং পয়েন্টে বিশাল এলাকা জুড়ে ছিল উৎসবের আয়োজন। ধু ধু বালুচরে বালু আর পানি দিয়ে তৈরি করা ৯ ফুট উচ্চতার বিশাল জাতীয় স্মৃতিসৌধ ভাস্কর্যের দক্ষিণ পাশে ১০ ফুট দূরত্বে তৈরি করা হয় আট ফুট উচ্চতার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ভাস্কর্য। তাঁর পাশে রুহুল আমিন ও মোহাম্মদ হামিদুর রহমানের ভাস্কর্য। স্মৃতিসৌধের উত্তর পাশে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মতিউর রহমানের ভাস্কর্য। স্মৃতিসৌধের সামনে ১৫ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের বিরাট এক বধ্যভূমি। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ৪৮ দিন সবার জন্য এই ভাস্কর্য উৎসব উন্মুক্ত থাকবে।