সৈকতে 'হাঁটা উৎসব' বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার ‘হাঁটা উৎসব’ বন্ধের দাবি জানিয়েছে একটি নাগরিক সংগঠন। সংগঠনটি বলছে, এই কর্মসূচি পালিত হলে সৈকতে মা কচ্ছপের ডিম পাড়া ব্যাহত হবে। নষ্ট হবে কাঁকড়ার প্রজননক্ষেত্রও।
কলাতলী থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সৈকতে তিন দিনব্যাপী ‘হাঁটা উৎসব’ শুরু হবে আগামী শনিবার।
এ কর্মসূচি বন্ধের জন্য গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন কক্সবাজার পিপলস ফোরাম। ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংগঠন ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’ শীর্ষক হাঁটা উৎসবের ঘোষণা করেছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেবেন। কিন্তু এই হাঁটা কর্মসূচি পালন করা ঠিক হবে না। কারণ, সৈকতে মা কচ্ছপের ডিম পাড়ার মৌসুম চলছে। তা ছাড়া এখন সৈকতের বালুচরে লাল কাঁকড়ারও প্রজনন মৌসুম। হাঁটা উৎসব হলে মা কচ্ছপের ডিম পাড়া ব্যাহত হবে। লাল কাঁকড়ার বাসা ভেঙে প্রজননক্ষেত্র নষ্ট হবে।
স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপলস ফোরামের সহসভাপতি কানন পাল, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন শেখ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল মামুন ও মিজবাহ উদ্দিন।
ফরহাদ ইকবাল বলেন, ২০০১ সালে সৈকতে প্রথম তিন দিনের হাঁটা উৎসব হয়। তখন পায়ের চাপায় অসংখ্য কচ্ছপের বাচ্চার মৃত্যু হয়। নষ্ট হয় হাজারো কচ্ছপের ডিমসহ কাঁকড়ার প্রজননক্ষেত্র। এ নিয়ে তখন গণমাধ্যমে লেখালেখি হলে প্রশাসন হাঁটা উৎসব বন্ধ করে দেয়। এখন তিন দিনের হাঁটা উৎসব হলে একই ধরনের পরিস্থিতি দেখা দেবে। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই হাঁটা উৎসব বন্ধ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এই সৈকতে তিন দিনের হাঁটা কর্মসূচি ঘোষণার আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা মতামত নেওয়ার দরকার ছিল। কিন্তু এই কর্মসূচির ব্যাপারে কেউ পরিবেশ অধিদপ্তরকে জানায়নি।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সৈকতের জীববৈচিত্র্য ধ্বংস করে কোনো কর্মসূচি পালন করা ঠিক হবে না। তাই এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দ্য লংগেস্ট ওয়াক-২০১৭-এর প্রধান সমন্বয়ক তামজিদ সিদ্দিকি বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সৈকতের ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় ও কক্সবাজারে পর্যটনের প্রসারে স্থানীয় লোকজনের ভূমিকা নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক করা হবে। মূলত কক্সবাজারকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হাঁটা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে।