সৈকতেই সেপটিক ট্যাংক, ছড়াচ্ছে দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পয়োনিষ্কাশনব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। দ্বীপের যত্রতত্র খোলা শৌচাগার ও পয়োনিষ্কাশনের সেপটিক ট্যাংক ছড়িয়ে আছে। এমনকি সৈকতেও একটি হোটেলের সেপটিক ট্যাংক দেখা গেছে। এতে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে পর্যটকেরা দুর্ভোগ পোহাচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, গত এক বছরে দ্বীপের সৈকতের কাছে বালিয়াড়িতে ৪০টিরও বেশি হোটেল-মোটেল ও কটেজ তৈরি করা হয়েছে। দ্বীপে রেস্তোরাঁই আছে দেড় শতাধিক। এসব হোটেল-মোটেলের কোনোটিতেই পয়োনিষ্কাশনের স্থায়ী সেপটক ট্যাংক নেই। এ ছাড়া কয়েক শ বসতবাড়িতে রয়েছে খোলা শৌচাগার।বছর কয়েক আগে এই দ্বীপে ১০টিরও বেশি বহুতল আবাসিক হোটেল নির্মাণ করা হয়। এর একটি হচ্ছে ব্লু-মেরিন। তিন তলাবিশিষ্ট এই হোটেলে ৩৪টি কক্ষ রয়েছে। প্রতিদিন পর্যটকে ভরা থাকে হোটেলটি। কিন্তু এই হোটেলের স্থায়ী কোনো সেপটিক ট্যাংক নেই। কয়েক বছর আগে হোটেল প্রাঙ্গণে ছোট দুটি সেপটিক ট্যাংক স্থাপন করা হয়। এখন সে দুটি দিয়ে চলছে না। তাই হোটেল কর্তৃপক্ষ সম্প্রতি সৈকতে সেপটিক ট্যাংক স্থাপন করেছে, যা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে পর্যটকেরা হাঁটাচলা করতে পারছেন না।ওই ট্যাংকটির একটু সামনে চেয়ারে বসা খুলনার দৌলতপুরের পর্যটক হাবিবুর রহমান (৫৭) ও জাহান আরা (৪৬) বলেন, দুর্গন্ধে নাক চেপে আছি। এত সুন্দর পরিবেশ, একটি মাত্র সেপটিক ট্যাংক শেষ করে দিচ্ছে।’ ব্লু-মেরিন হোটেলের ব্যবস্থাপক সাইফুল ইসলাম দাবি করেন, বড় একটি স্থায়ী ট্যাংক তৈরির অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে দরখাস্ত করা হয়। তারা অনুমতি দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে এটি করতে হয়েছে। এতে পর্যটকদের কিছুটা সমস্যা হচ্ছে।পরিবেশ অধিদপ্তর টেকনাফ অঞ্চলের কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, গত এক বছরে সেন্ট মার্টিন দ্বীপে ৪০টিরও বেশি হোটেল-মোটেল হয়েছে। এর কোনোটিতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। খোলা জায়গায় সেপটিক ট্যাংক বসিয়ে যে যার মতো ব্যবসা করছে। এই দ্বীপে হোটেল-মোটেলসহ নানা স্থাপনা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি বা ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু সেন্ট মার্টিনের কোনো হোটেল-মোটেলের তা নেই। হোটেলেরই যেখানে ছাড়পত্র নেই, সেখানে সেপটিক ট্যাংক স্থাপনের অনুমতি কী করে সম্ভব! গতকাল তদন্তকারী দলের দ্বীপ পরিদর্শন সম্প্রতি প্রথম আলোয় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ নিয়ে প্রকাশিত একাধিক সচিত্র প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করা হয়। দলের প্রধান হচ্ছেন পরিবেশ অধিদপ্তরের ‘উপকূলীয় জলাভূমি জীববৈচিত্র্য সংরক্ষণ’ প্রকল্পের পরিচালক মো. জাফর ছিদ্দিকী। তাঁর নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা গতকাল মঙ্গলবার সেন্ট মার্টিন পরিদর্শন করেন।মো. জাফর ছিদ্দিকী জানান, সরেজমিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলনের চিত্র প্রত্যক্ষ করা গেছে। তবে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙতে কাউকে দেখা যায়নি। সম্ভবত কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পাথর তোলা বন্ধ রয়েছে। তা ছাড়া সৈকত দখল করে দোকানপাট নির্মাণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন হোটেল-মোটেল, কটেজ-রেস্তোরাঁসহ নানা অবকাঠামো নির্মাণ, পয়োনিষ্কাশনের জন্য সৈকতে সেপটিক ট্যাংক স্থাপনের দৃশ্য নজরে পড়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।