সৈকতের আকাশে বাঘের সঙ্গে হাঙর ও ডলফিনের মল্লযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের নির্মল আকাশে গতকাল শুক্রবার হাজার হাজার পর্যটক বনের বাঘের সঙ্গে সমুদ্রের হাঙর ও ডলফিনের যুদ্ধ দেখে মুগ্ধ। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে উড়বে এসবের পাশাপাশি অক্টোপাস, জেলিফিশ, মৎস্যকন্যা, অজগর, প্রজাপতি, মিকিমাউস, মানুষ, গোলাপ, শাপলা, বক, শকুন, প্যাঁচা।বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সৈকতের সি-গাল পয়েন্টে দুই দিনের ঘুড়ি ওড়ানোর জাতীয় উৎসব চলছে।বিকেল চারটা ২০ মিনিটে চিল ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ফারুক খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিং, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা, মহাকাশ গবেষক ও জ্যোতি পদার্থবিদ দীপেন ভট্টাচার্য, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রমুখ।বিকেলে সৈকতের বালুচরে দাঁড়িয়ে প্যাঁচা ঘুড়ি ওড়াচ্ছেন ঢাকা কমার্স কলেজের ছাত্রী তাকসিন শারমিন (২০)। ঘুড়িটি একটু উড়তেই ডলফিনের আক্রমণে পড়ে যায়। এতে হতাশ তাসকিন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তাঁর ঘুড়ি ওড়ানোর শখ। কিন্তু কোথাও সেই সুযোগ পাওয়া যায় না বলে সৈকতে ছুটে আসা। ঢাকার সুমন হোসেন (৩০) হাঙর ঘুড়ি ওড়ানো নিয়ে মহাব্যস্ত। কিছুক্ষণ পর বাঘ ঘুড়ি এসে হাঙরকে বধ করল। ডলফিন এসে আক্রমণ করল বাঘকে। শীতের হাওয়ায় সমুদ্রের গর্জন শুনে হাজারো মানুষ বাঘ-হাঙর-ডলফিনের কাটাকাটি খেলা মনভরে উপভোগ করে। সন্ধ্যা পর্যন্ত চলে এই উৎসব।কক্সবাজারকে বাঁচানোর দাবি: গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার, উৎসব আনন্দ সবার’ শীর্ষক মুক্ত আলোচনা। এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং জীববৈচিত্র্য ও পাহাড়-নদী-সাগর দখল ও ধ্বংসের কারণ তুলে ধরে বক্তৃতা করেন রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. নুরুল বাসির প্রমুখ।