ফেনী থেকে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসেছেন নিজাম উদ্দিন আহমেদ। পরিচিতদের মুখে শুনেছিলেন এখানকার সৌন্দর্যের কথা। কিন্তু লোকমুখে শোনা কথার সঙ্গে সৈকতের মিল খুঁজে পেলেন না। কারণ সৈকতজুড়ে পড়ে আছে ইট-সুরকি। অন্যদিকে অসংখ্য কাটা গাছের গোড়া।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সৈকতের জিরো পয়েন্টসহ একটি বিরাট এলাকাজুড়ে এক বছরেরও বেশি সময় ধরে ছড়িয়ে-ছিটিয়ে আছে কংক্রিট আর ইটের খোয়া।
সৈকতে নামার মূল সড়কটির সামনের বালুচরে এদিক-ওদিক পড়ে আছে বড় বড় কয়েকটি সিসি ব্লক। পড়ে থাকা এসব ইট-সুরকির ভিড়ে সৈকতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। সেখানে হোঁচট খেয়ে ব্যথা পাচ্ছেন অনেকে। সাগরের ঢেউয়ে এসব ইট-সুরকি প্রতিনিয়ত আরও ছড়িয়ে পড়ছে।
এর ঠিক পূর্ব দিকে নারকেল, রেইন ট্রি আর তালগাছের গোড়া পড়ে থাকতে দেখা যায়। পূর্ব দিকে বন বিভাগের জাতীয় উদ্যান পর্যন্ত এভাবে অসংখ্য গাছের গোড়া পড়ে রয়েছে।
বরিশাল থেকে আসা জগলু হাওলাদার বলেন, ‘কাছাকাছি হওয়ায় আমি প্রায় সময়ই কুয়াকাটায় আসি। কখনো পরিবার-পরিজন নিয়ে, কখনো একা। সৈকতের এমন অব্যবস্থাপনা এক বছরের বেশি সময় ধরে লক্ষ করছি।’
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াকাটা সৈকত ঘেঁষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বায়োগ্যাস প্ল্যান্ট আর রেস্টহাউস ছিল। ঝুঁকির মুখে পড়ায় স্থাপনাটি বাঁচাতে সাত বছর আগে সিসি ব্লক ফেলা হয়।
তারপরও স্থাপনাটি ভাঙনের মুখে পড়ে। চার বছর আগে কর্তৃপক্ষ সেটা ভেঙে ফেলে। ওই ভবনটির ভাঙা ব্লক, ইট-সুরকির কিছু অংশ সরিয়ে নেওয়া হলেও বাকিটা এখানে পড়ে আছে। সাগরের ঢেউয়ে এগুলো ধীরে ধীরে সৈকতে ছড়িয়ে পড়তে থাকে।
অন্যদিকে ঝড়ঝাপ্টায় সৈকতসংলগ্ন নারকেলবাগানের অসংখ্য নারকেলগাছ, কিছু কিছু রেইন ট্রি ও তালগাছ উপড়ে পড়ে। পড়ে যাওয়া গাছগুলো কেটে নেওয়া হলেও গোড়াগুলো থেকে যায়।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, সৈকতে পানিতে ইট-সুরকি তলিয়ে যায়। তখন সাগরে গোসলের জন্য নামা পর্যটকদের অনেকেই এগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে বলেন, নারকেলগাছের গোড়াগুলো এত দিন বালুতে ঢাকা ছিল। বালু সরে যাওয়ায় এগুলো জেগে উঠেছে। তা ছাড়া ইট-সুরকি, কংক্রিট সরানো ব্যয়সাপেক্ষ কাজ।
গত বছর কুয়াকাটা পৌরসভার মাধ্যমে কিছুটা সরানো হয়েছিল। আপাতত ওই সব জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে, যাতে পর্যটকদের চলাফেরায় কোনো অসুবিধা না হয়। পর্যায়ক্রমে পুরো সৈকত পরিষ্কার করা হবে।