সৈনিক শাহিনের লড়াকুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরে পড়া শিশুদের বই-খাতা দিয়ে বিদ্যালয়মুখী করাই তাঁর নেশা। ছুটি পেলেই গ্রামে ঘুরে শিশুদের পড়ালেখার খবর নেন শাহিন মিয়া। ছবিটি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝরে পড়া শিশুদের বই-খাতা দিয়ে বিদ্যালয়মুখী করাই তাঁর নেশা। ছুটি পেলেই গ্রামে ঘুরে শিশুদের পড়ালেখার খবর নেন শাহিন মিয়া। ছবিটি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

আরও লেখাপড়ার সাধ ছিল তাঁর। কিন্তু সে আশা অপূর্ণই রয়ে গেল। এসএসসির পরপরই তাঁকে ধরতে হলো পরিবারের হাল। কিন্তু এখনো স্বপ্নপূরণে লড়ে চলেছেন। তবে নিজের জন্য নয়। তাঁরই মতো লেখাপড়া মাঝপথে থেমে যাওয়াদের স্বপ্ন পূরণ করতে লড়ছেন এই সেনাসদস্য। তাঁর উদ্যোগে লেখাপড়ায় ফিরে এসে ভালো ফল করেছে অনেকে। পাচ্ছে আলোকময় জীবনের দিশা। নাম তাঁর শাহিন মিয়া, বয়স ৩০। বাড়ি শেরপুরের নালিতাবাড়ী।
তাঁর হাত ধরেই আজ তিনটি উপজেলার ৩৫টি গ্রামের ১৮৮ জন ছেলেমেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আট বছর ধরে ঝরে পড়া, দরিদ্র ছেলেমেয়েদের উচ্চশিক্ষার দ্বারে পৌঁছে দিতে কাজ করে চলেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার গরজরিপা ইউনিয়নের ঘোড়াজান গ্রামের এ মানুষটি। ভালোবেসে, শ্রদ্ধায় এলাকার সব মানুষ এখন তাঁকে ‘শাহিন স্যার’ বলে ডাকে।
শুরুর সেদিন: ঘোড়াজান গ্রামের একসময়ের ধান ব্যবসায়ী মো. নুরুজ্জামানের বড় ছেলে শাহিন মিয়া। ২০০০ সালে নুরুজ্জামানের ব্যবসায় বড় ধরনের লোকসান হয়। ধারদেনায় ডুবে যান। নিরুপায় হয়ে এসএসসি পাস শাহিনকে সংসারের হাল ধরতে ২০০১ সালে সেনাবাহিনীতে ঢুকতে হয়। ছুটিতে বাড়িতে আসতেন। দেখতেন, গ্রামের ছেলেরা দোকানে দোকানে জটলা করে সিডিতে ছবি দেখছে, ভিডিও গেম খেলছে। এলাকায় বখাটেপনা, ঝগড়াবিবাদ, মাদক বাড়ছে। শাহিন বুঝেছিলেন, শিক্ষাই এ অবস্থা বদলাতে পারে। ২০০৬ সালে স্থানীয় যুবক হেলাল ও সুজনকে নিয়ে গ্রামে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত বিদ্যালয়টি দেখতে যান। সেখানকার সাত শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নেন তিনি। সেই শুরু। আজও ছুটিতে বাড়ি ফিরলে ফজরের নামাজ পড়েই নিজের সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েন শাহিন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ নেন। বই-খাতা কিনে দেওয়ার পাশাপাশি ওই শিক্ষার্থীদের রোজকার রুটিনটাও বানিয়ে দেন তিনি।

শাহিন মিয়া
শাহিন মিয়া

অসহায়ের সহায়: শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার ৩৫ গ্রামের শিক্ষার্থীসহ গ্রামবাসীর কাছে শাহিন মিয়া একটি পরিচিত নাম। ২০০৯ সালে ঝিনাইগাতীর কালীবাড়ি বাজারে বসে কিছু উদ্যমী তরুণকে নিয়ে শাহিন গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ (ডপস)। এ সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই-খাতা-কলম দেওয়া হয়। এতে প্রতি মাসে খরচ হয় সাড়ে ছয় হাজার টাকা। শাহিন নিজের বেতন থেকে দেন পাঁচ হাজার। আর স্থানীয় ব্যবসায়ী সাদিউজ্জামান দেন দেড় হাজার টাকা। শাহিনের বার্ষিক ছুটিতে প্রতিষ্ঠানের সবাই একত্রিত হন। ভালো ফল ও লেখাপড়ার জন্য পুরস্কার দেওয়া হয়।
ডপসের সাধারণ সম্পাদক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘এ সংগঠন থেকে ১৮৮ শিক্ষার্থীকে খাতা-কলম দেওয়া হয়। আমাদের ২১ স্বেচ্ছাসেবক সদস্যের একটি কমিটি আছে। এরাই মূলত ঝরে পড়া শিক্ষার্থীদের খোঁজ রাখেন। শাহিন ভাই ছুটি ছাড়াও প্রতিদিনই আমাদের মাধ্যমে ওই ছেলেমেয়েদের খোঁজ নেন।’
সেসব শিশুর কথা: অভাবের কারণে সপ্তম শ্রেণিতে লেখাপড়া ছাড়ে শ্রীবর্দীর গোপালখিলা গ্রামের দিনমজুর আবদুল হাকিমের ছেলে ফরিদুল ইসলাম ও মেয়ে লাকী পারভিন। ছুটিতে এসেই শাহিন ছোটেন ওদের বাড়ি। মা-বাবাকে বুঝিয়ে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আবার ওদের বিদ্যালয়ে নেন। এবার এসএসসিতে ফরিদ জিপিএ-৫ আর লাকী ৪.৮২ পেয়েছে। নালিতাবাড়ীর শমশ্চুড়া গ্রামের রাসেল মিয়াও এবার জিপিএ-৫ পেয়েছে। অথচ এসএসসি পাসের পরপরই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিয়েছিল সে। হতদরিদ্র দিনমজুর এক বাবার এ সন্তান মাসখানেক পর আবার ফিরে এসেছে গ্রামে। বলল, ‘শাহিন ভাই আমারে একদিন ফোন দিছিল। কয়, “তুমি লেহাপড়া করবা?” আমি কইলাম, অভাব তো ছাড়ে না। তিনি কইলেন, “কী হইবার চাও?” আমি কই, ম্যাজিস্ট্রেট। তিনি কন, “না পড়লে তো হইতো না। তুমি চাইলে আমি তোমার লেহাপড়ার ব্যবস্থা করবার পারি।”’ শাহিনের সেই ভরসায় রাসেল আবার ফিরে এসেছে বই-খাতার কাছে।
রাসেলের মতো একসময় পড়লেখা ছেড়ে দেওয়া অন্তত ১৫ শিক্ষার্থী এবার শাহিনের তত্ত্বাবধানে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটেও পড়ছেন কয়েকজন। এ রকমই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ক্লাস নাইনে যখন পড়ি, তখন অভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমাকে স্কুলে নিতে শাহিন ভাই কতবার যে আমাদের বাড়িতে এসেছেন, হিসাব নেই। আমার পড়ার টেবিলটাও তিনি কিনে দিয়েছিলেন। শুধু আমি না, আমার পুরো পরিবারই মানুষটার কাছে কৃতজ্ঞ। এখন আমি ডপসে স্বেচ্ছাসেবকের কাজ করি।’
শাহিন আজ গর্ব: গরজরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, শাহিন গরিব ছেলেমেয়ের বন্ধুর মতো। তাঁর চেষ্টাতে এখন এলাকার অনেক ছেলেমেয়ে বিদ্যালয়ে যায়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, ‘আমি একবার গরিব, অবহেলিত ছেলেমেয়েদের নিয়ে শাহিনের কার্যক্রম দেখতে ওদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। গিয়ে মনে হয়েছিল, সেখানে যেন দারিদ্র্য আর মেধার এক অপরূপ মেলবন্ধন ঘটেছে। সাহসী এ মানুষটার পাশে দাঁড়াতে পারাটাও আমাদের জন্য গর্বের বিষয় হতে পারে।’
নিজে তিনি: শাহিন মিয়া বর্তমানে সেনাবাহিনীর ২০ ইস্টবেঙ্গল রেজিমেন্টে আছেন। স্ত্রী রাবিয়া সুলতানা শেরপুর সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছেন। আড়াই বছরের ছোট্ট একটি মেয়ে আছে তাঁদের।
স্বীকৃতি ও সহায়তা: ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত ত্রৈমাসিক সেনাবার্তায় সৈনিক শাহিনের এ কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৩০ জুন সেনাবাহিনীর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বিশিষ্ট সেবা পদক’র জন্য শাহিন মিয়া মনোনীত হয়েছেন। এ ছাড়া জেলা পরিষদ থেকে সংগঠনটির জন্য ৫০ হাজার টাকার আসবাব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এক টন টিআরের (টেস্ট রিলিফ) চাল দেওয়া হয়েছে।