জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেছেন, দেশের সৈন্যকে গাছের সঙ্গে বেঁধে রাখা জাতির জন্য অবমাননাকর। মিয়ানমারের সঙ্গে এ ব্যাপারে রুদ্ধদ্বার আলোচনা করতে হবে।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় মঈন উদ্দীন খান এসব কথা বলেন। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে তালিকাভুক্ত খেলাপি ঋণ ৫৭ হাজার কোটি টাকা। এই ঋণ আদায়ে একটি কর্তৃপক্ষ গঠন করতে হবে। এই কর্তৃপক্ষে যাদের সর্বোচ্চ পেশাদারি ক্ষমতা থাকবে, তাদের নিতে হবে। তিনি বলেন, ‘ভারতীয় আইনে কোনো রাজনীতিবিদ ব্যাংকের মালিক হতে পারে না। এভাবে আরও অনেক কথা আছে, যেগুলোতে আমি প্রবেশ করতে চাই না। আইনমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করব।’
মঈন উদ্দীন খান বলেন, সরকার অনেক চেষ্টা করছে। কিন্তু নির্বাহী থেকে সহযোগিতা আসছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্গন্ধের জন্য প্রবেশ করা যায় না। এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল দায়িত্ব পালন করছেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেছেন কি না, জানি না। তিনি বলেন, ‘শক্তিশালী সরকারের একটি গুণ হচ্ছে তার প্রতিশ্রুতি রক্ষা করা। শুনলাম টানেল তৈরির প্রতিশ্রুতি রক্ষা হবে। কালুরঘাট সেতুর টাকা পাওয়া গেছে।’
বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তৃতার শেষে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী রবীন্দ্রসংগীত গেয়ে শোনান। আলোচনায় সরকারি দলের তাজুল ইসলাম বলেন, দেশের যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানে কী পড়ানো হচ্ছে, তার কোনো হিসাব-নিকাশ নেই। তাই যেকোনো স্তরে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে যেন অনুমতি নিতে হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের তদন্ত করতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান সিলেটের সরকারদলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, ‘এই ইউনিভার্সিটি একটি মাত্র ইউনিভার্সিটি, যে ২৫০০তম স্থান দখল করে আছে, যেটা আমরা আরও ভালো করতে পারি, এর জন্য একটা তদন্ত কমিটি করে একটা সুষ্ঠু সমাধান করবেন।’
মাহমুদ উস সামাদ বলেন, এই ইউনিভার্সিটি স্থাপনের পর থেকে কিছুসংখ্যক শিক্ষক বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের ফলশ্রুতিতে একবার সাত মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। মোসলেহ উদ্দিন নামে একজন ভিসি ছিলেন, ছয়-সাত বছর আগে তাঁর কোয়ার্টারে, তাঁর মা সেখানে ছিলেন, স্ত্রী ছিলেন, সন্তানেরা ছিলেন, তাঁদের সেখানে রেখে কিছুসংখ্যক শিক্ষক আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। ফায়ার ব্রিগেডকেও আসতে দেওয়া হয়নি। তিনি বলেন, দুই মাস আগে ভিসির সঙ্গে সামান্য একটা গন্ডগোল নিয়ে ৩০ জন শিক্ষক তাৎক্ষণিক পদত্যাগ করেন। তিনি দুই মাসের ছুটি নিয়েছিলেন। সোমবার তিনি যখন জয়েন করেন, তখন সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওনাকে অবরোধ করে রাখা হয়।