সৈয়দ কায়সার কারাগারে, জামিনের শুনানি আজ
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর জামিনের আবেদনের শুনানি হবে আজ বুধবার।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বিকেল চারটার দিকে কায়সারকে হাজির করা হয়। তাঁর আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনালে বলেন, কায়সারের বয়স ৭৩ বছর। তিনি গুরুতর অসুস্থ। তাঁর বুকে পেসমেকার বসানো আছে, তিনি হুইলচেয়ার ছাড়া চলাচল করতে পারেন না। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পুলিশ সেখান থেকে সরাসরি তাঁকে ট্রাইব্যুনালে হাজির করেছে। তাঁর জামিনের আবেদন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, বিকেল পৌনে চারটার দিকে রাষ্ট্রপক্ষ তাঁর জামিনের আবেদন পেয়েছে। আবেদনের বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানা নেই। শুনানির জন্য বুধবার দিন ধার্য করলে ভালো হয়। ট্রাইব্যুনাল জানতে চান, আসামিকে কি হাসপাতাল থেকে ছাড়া হয়েছে? রানা দাশগুপ্ত বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, ১৬ মে রাতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন কায়সারকে গ্রেপ্তারের জন্য পুলিশ মোতায়েন করা হয়। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেলা আড়াইটার দিকে তেজগাঁও থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।