সৈয়দ মহসিন আলীর মরদেহ আজ রাতে ঢাকায় আসছে
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় আসার কথা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সকালে প্রথম আলোকে এ তথ্য জানান।
গতকাল সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন মহসিন আলী। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি কিডনি ও নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বিকেল সাড়ে তিনটায় সেখানকার একটি মসজিদে মহসিন আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। রাত সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ ঢাকায় আসার কথা।
মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আগামীকাল বুধবার ঢাকার আনুষ্ঠানিকতা শেষে বিকেলের দিকে অথবা পরদিন মৌলভীবাজারে মহসিন আলীর শেষ জানাজা হবে।
মহসিন আলীর ছোট ভাই সৈয়দ মুশতাক আলী প্রথম আলোকে বলেন, মন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে নিজেই নাশতা করেন। বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সাড়ে আটটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ সেপ্টেম্বর অসুস্থ হন। ৫ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়।
মহসিন আলীর জন্ম ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের দরজি মহলে এক মুসলিম পরিবারে। ১৯৬৯ সালে স্কুলের ছাত্র থাকাকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন ও সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৮৩ সালে মহসিন আলী প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরও দুবার নির্বাচিত হয়ে টানা ১৮ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসন থেকে তিনি আবার সাংসদ নির্বাচিত হন এবং তাঁকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।