সৈয়দ মাইনুল হোসেন বেঁচে থাকবেন চিরদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির গ্রন্থমেলার মূল মঞ্চে আলোচকেরা বলেন, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন জীবনের সব ক্ষেত্রেই ছিলেন একজন সংস্কারমুক্ত, আধুনিক মানুষ। স্থাপত্যকর্মে দেশকে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে সৈয়দ মাইনুল হোসেন চিরদিন বাঙালি জাতির মাঝে বেঁচে থাকবেন। মাত্র ২৬ বছর বয়সে জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেন সৈয়দ মাইনুল হোসেন। এটি তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় বহন করে। বাঙালি জাতির ইতিহাসের নানা পর্বকে স্থাপত্যশৈলীতে চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি। জাতি হিসেবে আমরা তাঁর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব।

আজ বুধবার বিকেলে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ে শোনান স্থপতি মোবাশ্বের হোসেন। আলোচনা করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন এবং সৈয়দ মাইনুল হোসেনের মেয়ে তানজিনা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সৈয়দ মাইনুল হোসেনের জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্য কাঠামোর সাতটি স্তম্ভের এক অভিন্ন বিন্দুতে মিলন যেন এই বার্তাই দেয় যে, সমস্ত বিভাজন ও মতপার্থক্য সত্ত্বেও আমরা মূলত এক মহান মুক্তিযুদ্ধের সন্তান এবং বাংলাদেশ নামক মহান জাতি রাষ্ট্রের গর্বিত উত্তরাধিকার।
সভাপতির বক্তব্যে মুস্তাফা মনোয়ার বলেন, এক সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্যের অধিকারী মাইনুল হোসেন যুদ্ধ–ধ্বংস ও অন্যায়কে ঘৃণা করতেন। তাঁর অনন্য শিল্পচিন্তার অনুপম প্রকাশ ঘটেছে জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভে এবং এর সামগ্রিক নির্মাণশৈলীতে। স্মৃতিসৌধের ঊর্ধ্বমুখী বিস্তার যেন বাঙালি জাতির হার না মানা চির উন্নত শিরকেই নির্দেশ করে।