সৈয়দপুর পৌরসভার মেয়র বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (পৌর-১) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
গত বুধবার সন্ধ্যায় ওই প্রজ্ঞাপনের অনুলিপি নীলফামারী জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছেছে।
আমজাদ হোসেন সরকার সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তহফা বেগমকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে ২০০৯ সালের ৩ নভেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা হয়। মামলাটির অভিযোগপত্র ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় সৈয়দপুর পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থী। সরকার এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
আমজাদ হোসেন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানা যায়, তিনি ঢাকায় আছেন। মুঠোফোনেও তাঁকে পাওয়া যায়নি।