সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৩০ ঘর ছাই
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঠনঠনিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে নয় পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারটি গরুর মৃত্যু হয়।
ঠনঠনিপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া একটার দিকে গ্রামের জিকরুল হকের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে জিকরুল হকসহ তাঁর আশপাশের পাশের ওমেদ আলী, ওয়াহেদ আলী, আজিজুল হক, মহিউদ্দিন, মেহেদী হাসান, আবদুল গফুর, মো. সুজা ও রেজাউল ইসলামের প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা প্রায় ৫ লাখ টাকা, মূল্যবান আসবাব, পোশাক, সেচ পাম্প, শ্যালো মেশিন ভস্মীভূত হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর সদস্যরা শূন্য ভিটায় বসে আহাজারি করছেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা মিজানুর রহমান বেগ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’