নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় আজ রোববার আধা বেলা হরতাল ডেকেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মুঠোফোনের মাধ্যমে ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর কর্মী হাবিবুর রহমানকে গুলি করে হত্যা ও অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
গত ২৩ জুন প্রকাশ্যে সৈয়দপুর পৌর শহরের শহীদ জহুরুল হক সড়কের জনবহুল কলিম মোড়ে বিকাশের কর্মী হাবিবুর রহমান ও মো. সোহেল ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা বিকাশের দুই কর্মীকে গুলি করে তাঁদের কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর মারা যান। ছিনতাইকারীদের গুলিতে মো. শামীম নামের একজন পথচারীও আহত হন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সৈয়দপুরের সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ২৬ জুন শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এসব কর্মসূচিতে বক্তারা বিকাশকর্মী হাবিবুরের হত্যাকারীদের গ্রেপ্তার ও লুট করে নেওয়া টাকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন পুলিশ প্রশাসনকে। অন্যথায় রোববার (আজ) সৈয়দপুর শহরে আধা বেলা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, পুলিশ বেঁধে দেওয়া সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় তাঁরা হরতালের মতো কঠোর কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন।
জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিকাশকর্মী হাবিবুরের হত্যাকারীদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য মিলেছে। সেসব তথ্য অনুযায়ী তদন্ত এগোচ্ছে। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।