সৈয়দপুরে ইটভাটায় ডাকাতি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর আইসঢাল এলাকার বিপিএল ব্রিকস নামের একটি ইটভাটায় গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ভাটা থেকে টাকা ও একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ইটভাটার নৈশপ্রহরী মো. নূর হোসেন জানান, তিনি ও তাঁর দুই সহকর্মী মো. মেনিয়া ও সুনীল রায় শনিবার রাতে ওই ইটভাটায় দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে মুখোশধারী ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ইটভাটার পাশে মাটিতে ফেলে রাখে। এ সময় ডাকাতেরা ইটভাটার ব্যবস্থাপক আবদুল মজিদের স্টিলের ফাইল কেবিনেটের ড্রয়ার ভেঙে ছয় হাজার টাকা নিয়ে যায়। শেষে তারা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ইটভাটার ট্রান্সফরমারটি খুঁটি থেকে খুলে নিচে ফেলে দেয়। পরে তারা এর ভেতরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।
ইটভাটার মালিক সুরেশ কুমার সিংহানিয়া জানান, দুই বছর আগে তিনি সাড়ে চার লাখ টাকায় ট্রান্সফরমারটি কিনেছিলেন। তিনি বিষয়টি সৈয়দপুর থানার পুলিশকে জানিয়েছেন।
সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে তিনি গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।