সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিকের জায়গায় হোটেল ও পান দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে কমিউনিটি ক্লিনিকের জায়গায় গড়ে উঠেছে হোটেল ও পানের দোকান।
স্থানীয় বাসিন্দা মজিবর রহমান (৪৮) জানান, এ ক্লিনিকে প্রতিদিন প্রচুরসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু হোটেলের বর্জ্য ও ময়লার দুর্গন্ধে ক্লিনিকের সেবাদানকারী ব্যক্তি ও রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কমিউনিটি ক্লিনিকের সামনে একটি খাবার হোটেল ও দুটি পান দোকান গড়ে উঠেছে।
ওই হোটেলের ব্যবহূত পানি অপসারণের ব্যবস্থা নেই। নোংরা পানি জমা হয়ে আছে ক্লিনিকের সামনে একটি গর্তে। নোংরা পানি আর হোটেলের পচা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খয়রাত হোসেন জানান, ১৯৯৬ সালে শ্বাষকান্দরে ক্লিনিকটি স্থাপনের জন্য গ্রামের শরীফ উদ্দিন ও মনির উদ্দিন পাঁচ শতক জমি দান করেন। পরে সরকারি খরচে সেখানে একটি অবকাঠামো তৈরি হয়। এ ক্লিনিকে এলাকার কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা পেয়ে আসছেন। অথচ এলাকার প্রভাবশালী সাইফুল্লাহ দয়া ক্লিনিকের জায়গায় হোটেল ও দুটি পানের দোকান বসিয়েছেন। এগুলো তৈরি করতে বাধা দেওয়ায় তিনি ভয়ভীতি দেখান। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাইফুল্লাহ দয়া বলেন, ‘আমার বাবা ক্লিনিকের জমির একজন দাতা। আমি যে হোটেল ও পানের দোকান করেছি, তা ক্লিনিকের জমির বাইরে।’
ক্লিনিক কমিটির সদস্য আমির আলী শাহ বলেন, ক্লিনিকের পাঁচ শতক জমির সীমানা নির্ধারণ করা আছে। ওই জমিতেই সাইফুল্লাহ দয়া অবৈধভাবে স্থাপনা গড়েছেন। প্রভাবশালী হওয়ায় তাঁকে সরানো যাচ্ছে না।
বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার বলেন, অবৈধ দখলের কারণে ক্লিনিকের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ফলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
ইউএনও শফিকুল ইসলাম জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।