সৈয়দপুরে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে একই দিনে পৃথক ঘটনায় এক কিশোরসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন গলায় ফাঁস দিয়ে এবং অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল বুধবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া বাবুপাড়া ও কামারপুকুর ইউনিয়নের আইসঢাল জুমঞ্চাপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, খালিশা ধুলিয়া বাবুপাড়ার দুই সন্তানের জনক দিনমজুর সাইদুল (৪০) দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতেও তিনি রাতের খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী সাবিয়া ঘুম থেকে জেগে বাড়ির পাশের একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাইদুলের লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, প্রাথমিকভাবে সাইদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
একই দিন দুপুরে আইসঢাল জুমঞ্চাপাড়া গ্রামের সহিদুল (১৪) নামের এক কিশোর নিজ বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিক তদন্তে ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সে ওই এলাকার ভাটাশ্রমিক আবদুল হামিদের ছেলে।
এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।