সৈয়দপুরে নামতে না পেরে ঢাকায় ফিরে গেল উড়োজাহাজ
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়। পরে আবার ঢাকায় ফিরে যায়। উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় তাঁদের দুর্ভোগ পোহাতে হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা একটা আট মিনিটে উড়োজাহাজটি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। এর এক ঘণ্টা পর এটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটির অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই কয়েক দফা সৈয়দপুরের আকাশে চক্কর দিয়ে সেটি আবার ঢাকায় ফিরে যায়।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউএস-বাংলার বিমানটি অবতরণ করতে পারেনি। কারণ, কন্ট্রোল টাওয়ার নামার সংকেত দেয়নি। উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী সৈয়দপুরে আসছিলেন। বেলা আড়াইটার দিকে এর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।
জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইনসের কনিষ্ঠ নির্বাহী রাকিব মুত্তাকিম প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের এই দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা আগামীকাল (আজ) শুক্রবার অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করছি। ওই ফ্লাইটে যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’