সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে তিন পরিবারের নয়টি ঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের উত্তর চড়কপাড়ায় (চৌধুরীপাড়া) ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে। অগ্নিকাণ্ডে আহত আজিজার রহমান নামের এক ব্যক্তিকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে শূন্য বসতভিটায় বসে আহাজারি করছেন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ রহিমুদ্দিন বলেন, ‘পাকা বাড়িঘর করার জন্য আবাদি জমি বিক্রি করে সাত লাখ টাকা ঘরে রেখেছিলাম। সেই নগদ টাকাসহ আমার সংসারের সবকিছুই পুড়ে গেল।’
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ওই গ্রামের রহিমুদ্দিনের ছেলে বাবলুর ঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। এ আগুন আশপাশের বাড়িঘরে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। শরীরে আগুনের আঁচ পেয়ে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে পড়েন তাঁরা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে রহিমুদ্দিন ও তাঁর ছেলে বাবলুর দুটি, আবদুল মজিদের চারটি এবং জয়নুল আবেদীন প্রামাণিকের চারটি ঘরসহ প্রায় আট লাখ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, শ্যালো মেশিন, গরু-বাছুরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।