সৈয়দপুরে যানজটে নাকাল শহরবাসী
নীলফামারীর সৈয়দপুর শহরে সড়ক দখল করে দোকানপাট বসানো ও দিনের বেলায় শহরে ভারী যানবাহন ঢোকায় কোনোভাবেই যানজট সামাল দেওয়া যাচ্ছে না। এতে শহরের প্রধান সড়কগুলোতে প্রায় সময়ই দুই থেকে আড়াই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
গত সোমবার সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, বিমানবন্দর সড়ক, শহীদ তুলশীরাম সড়ক ও শহীদ ডা. শামসুল হক সড়কে সরেজমিনে দেখা যায় অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। এ সময় শহীদ ডা. জিকরুল হক সড়ক এলাকার এক ব্যবসায়ী আজমল হোসেন বলেন, সৈয়দপুর শহরটি উত্তরাঞ্চলের একটি বাণিজ্যিক কেন্দ্র। এ কারণে আশপাশের জেলা ও উপজেলা থেকে প্রতিদিন কয়েক শ ট্রাক, পিকআপ, গাড়ি, রিকশা ও অটোরিকশা শহরে প্রবেশ করে। কিন্তু শহরের রাস্তাগুলো প্রশস্ত না হওয়ায় প্রতিদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে।
একই এলাকার পথচারী শহীদুল ইসলাম বলেন, পৌরসভার মেয়র ভোটের ভয়ে ফুটপাতের দোকানদারদের খ্যাপাতে চান না। তাই শহরের রাস্তা দখল ঠেকাতে ব্যর্থ হচ্ছে পৌরসভা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের নানা তৎপরতা রয়েছে। গুটিকয়েক ব্যবসায়ী জনস্বার্থকে তোয়াক্কা করেন না বলেই রাস্তাগুলো দখলমুক্ত হচ্ছে না।’
সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবির বলেন, শহরের সড়কগুলো যথেষ্ট প্রশস্ত। কিন্তু একশ্রেণির ব্যবসায়ী মূল দোকানকে গুদামঘর বানিয়ে রাস্তা ও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে বেচা-কেনা করায় যানচলাচলে সমস্যা হচ্ছে।
সৈয়দপুরের পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, সড়ক প্রশস্তকরণে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে। তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তারাগঞ্জ, বদরগঞ্জ, পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দর, নীলফামারী সদর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে অনেকে ব্যবসায়ী বাণিজ্যিক শহর সৈয়দপুরে যাওয়া-আসা করছেন। এ জন্য শহরে যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দিনের বেলায় শহরের ভেতরে ভারী যানচলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও বেপরোয়া ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে। এতে যানজট আরও বেড়েছে।
এ প্রসঙ্গে সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক (টিআই) ওয়াজ নাবী বলেন, চেষ্টা করেও শহরে ট্রাকের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।
যানজটের ব্যাপারে স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ সৈয়দপুর শহরের রাস্তাঘাট সম্প্রসারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।