সৈয়দপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল শুরু হয়েছে l ছবি: প্রথম আলো
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল শুরু হয়েছে l ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে ওই অভিযান শুরু হয়। কাল শুক্রবার পর্যন্ত অভিযান চলবে বলে জানা গেছে।
অভিযানের সময় পাঁচমাথা মোড়ে উচ্ছেদকারী দলের ওপর উচ্ছৃঙ্খল জনতার ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সহকারী কমান্ড্যান্ট (এসি) আহত হন।
সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। রেলওয়ে স্টেশনে দুই পাশে গড়ে ওঠা ২৫টির বেশি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
রেলওয়ে সূত্রমতে, সৈয়দপুর রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর ভূসম্পত্তি রয়েছে। যার ৫০ শতাংশই চলে গেছে অবৈধ দখলে।
স্টেশনসংলগ্ন এলাকার পান দোকানি মো. আজাদ বলেন, ২০১৫ সাল পর্যন্ত রাজস্ব পরিশোধ করেছেন তিনি। কিন্তু উচ্ছেদে অংশ নেওয়া কর্মকর্তারা তাঁর দোকানঘর গুঁড়িয়ে দেন। একই অভিযোগ করেন খাবার হোটেলের মালিক সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমরা নোটিশ পাইনি। রেলের লোকজন জোর করে আমার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।’
উচ্ছেদে নেতৃত্ব দিচ্ছেন পাকশী রেল বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ। তিনি জানান, ইতিমধ্যে সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে—এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থাপনাগুলো সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে। নিয়ম মেনেই উচ্ছেদ তৎপরতা চালানো হচ্ছে। এ সময় উচ্ছেদের মেয়াদ বাড়ানো হতে পারে বলে আভাস দেন তিনি।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী হাকিম নাহিদ হাসান। এ ছাড়া অভিযানে অংশ নেন দুই শতাধিক রেলওয়ে শ্রমিক।
সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, উচ্ছেদ অভিযানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু সুযোগ দেওয়া হলে ভালো হতো। পৌর বাজারে যেসব দোকানপাট ও বিপণিবিতান রয়েছে, তা উচ্ছেদ না করে ব্যবসায়ীদের বৈধ ইজারা দেওয়া হোক। তবে রেল চলাচল নির্বিঘ্ন করতে যা প্রয়োজন, সে অনুযায়ী উচ্ছেদ হলে ব্যবসায়ীরা রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন বলেন, রেললাইনের উভয় পাশ ও রেলগেটগুলোর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে রেল চলাচল নির্বিঘ্ন হবে। সে সঙ্গে রেলগেট এলাকার যানজট কমে আসবে।
বিকেলে উচ্ছেদকারী দল পাঁচমাথা মোড়ে এলে জনতা দূর থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আহত এএসআই আবদুল আজিজকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্টকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনেরই মাথা ফেটে গেছে। ঘটনার পর পরই পুলিশ জনতাকে লাঠিপেটা শুরু করে। এতে পুলিশ ও জনতার মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ ব্যক্তি আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
প্রথম আলোতে ‘রেলের জমিতে বহুতল ভবন’ শীর্ষক প্রতিবেদন ১৬ মার্চ প্রকাশিত হয়।