সৈয়দপুরে সড়কের ওপর টেম্পোস্ট্যান্ড যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কের ওপরই টেম্পোস্ট্যান্ড। সেখানে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রীরা ওঠানামা করছেন। ফলে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের শিল্প-বাণিজ্যসমৃদ্ধ শহর সৈয়দপুরের ওই ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য টেম্পো, বেবিট্যাক্সি, ইজিবাইক এবং ভটভটি পাশের দিনাজপুরের রানীরবন্দরে যাতায়াত করছে। পাশাপাশি বিভিন্ন গন্তব্যে চলাচল করছে পিকআপ ভ্যান, ট্রাকসহ পণ্যবাহী বিভিন্ন যানবাহন। তুলশীরাম সড়কটি টেম্পোস্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ জায়গা দখল করে সড়কের ওপর দাঁড়িয়ে টেম্পোগুলো যাত্রী ওঠানামা করছে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
বিভিন্ন সময়ে ওই সড়কে গিয়ে ভয়াবহ যানজট দেখা গেছে। যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
পুলিশের সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শামসুল হক বলেন, রংপুর বিভাগের আট জেলার ব্যবসায়ীরা প্রতিদিনই সৈয়দপুরে ভিড় করেন। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসমৃদ্ধ শহর সৈয়দপুর। তাই এখানে পাইকারদের আনাগোনা বেশি। এ কারণে অসংখ্য যানবাহন শহরের অলিতে-গলিতে ভিড় জমায়। তিনি বলেন, শহীদ তুলশীরাম সড়কটিতে টেম্পোস্ট্যান্ড বসানো হয়েছে। টেম্পোগুলো সড়কে দাঁড়িয়ে থাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে।
টেম্পোচালক নূরুল ইসলাম জানান, শহীদ তুলশীরাম সড়ক থেকে প্রতিদিন অসংখ্য টেম্পো রানীরবন্দরে চলাচল করে। টেম্পোর জন্য পৃথক স্ট্যান্ড না থাকায় তাঁরা ওই সড়কের ওপর দাঁড়িয়েই যাত্রী ওঠান এবং নামান। তিনি বলেন, ‘এতে করে ভয়াবহ যানজট হচ্ছে এটা ঠিক, কিন্তু আমাদের করার কিছু নেই।’
সৈয়দপুর থেকে রানীরবন্দরে নিয়মিত যাতায়াতকারী ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, সড়কের ওপর থেকে টেম্পোস্ট্যান্ড উঠিয়ে দেওয়া হলে সৈয়দপুরে যানজট কমে যাবে। টেম্পো চালক রেজাউল ইসলাম বলেন, ‘আমরা তো পৌরসভায় টোল দিচ্ছি, পুলিশও চাঁদা নিচ্ছে। তাহলে সড়কে টেম্পোস্ট্যান্ড হলে দোষ কী? পৃথক স্ট্যান্ড বরাদ্দ দেওয়া হলে আমরা সেখানে চলে যাব।’
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, টেম্পোস্ট্যান্ডটি ওই সড়কে অবস্থিত সৈয়দপুর স্টেডিয়ামের সামনে উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়া হলে যানজট সমস্যার সমাধান হবে।
শহরে যানজটের কথা স্বীকার করে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, ‘যানজট নিরসনে এরই মধ্যে আমরা দিনের বেলায় শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ করেছি।
তুলশীরাম সড়কের টেম্পোস্ট্যান্ড সরিয়ে নিতেও উদ্যোগ রয়েছে আমাদের। সুবিধাজনক স্থান পেলে সেখানে সরিয়ে নেওয়া হবে।’