সৈয়দপুরে ৬ লাখ টাকার ফল ধ্বংস জরিমানা আদায়
নীলফামারীর সৈয়দপুরে ফরমালিন মেশানো এক ট্রাক চেরিফল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ফল ব্যবসায়ী মেগা ফ্রুটস্ ট্রেডিংয়ের মালিক মো. ইউনুসকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।
মো. ইউনুস জানান, ভারত থেকে আড়াই শ কার্টন চেরিফল আমদানি করা হয়। মঙ্গলবার রাত দুইটার দিকে পুলিশ চোরাচালানের মাধ্যমে চেরিফল আনা হয়েছে এমন সন্দেহে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। পরে বৈধ কাগজপত্র থানায় উপস্থাপন করা হয়। ট্রাকে থাকা ওই চেরি ফলের মূল্য ছয় লাখ টাকা।
পুলিশ জানায়, আটককৃত ওই ট্রাক গতকাল ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও ফলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ফরমালিন পাওয়া যায়। পরে ফলগুলো ধ্বংস করে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে ফল ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
ইউএনও শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় খাদ্যে বিষ মেশানোর দায়ে ফল ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে।