সৈয়দপুরের হাসপাতালে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু
কে বা কারা রাতে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে। দেখার পরপরই চিকিৎসা শুরু করেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে।
চিকিৎসকদের সূত্রে জানা যায়, রাতে হাসপাতালের বারান্দায় দাড়িওয়ালা বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হয়। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হলেও গতকাল সকালে সাড়ে নয়টার দিকে মারা যান অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম অজ্ঞাতপরিচয় ওই রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের আত্মীয়স্বজনের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের এভাবে অসহায় মৃত্যুর বিষয়টিও বিভিন্ন মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে পুলিশ।