মহাস্থানগড় বিষয়ে বুধবার আদালতে ভুলভাবে লিখিত বক্তব্য জমা দেওয়ার অভিযোগে হাইকোর্ট বিভাগ গতকাল সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য রাষ্ট্রদ্রোহ ও কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখতেও বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত সৈয়দ আবুল মকসুদের চিঠির বিষয়বস্তুকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে বর্ণনা করেন। এ বিষয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের উপকমিশনার ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে লেখকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। তবে আদালতের এ সিদ্ধান্ত ঘোষণার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম ও রফিক-উল হক আদালতকক্ষে আসেন। অ্যাটর্নি জেনারেল এসে প্রথমেই আদালতকক্ষে দণ্ডায়মান লেখক সৈয়দ আবুল মকসুদকে বসতে দেওয়ার অনুরোধ জানান।আদালত বলেন, ‘আপনার প্রতি সম্মান দেখাব। তবে তাঁকে আরও পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।’ এ সময় আদালত তাঁর সম্পর্কে চক্রান্তের অভিযোগ তুললে অ্যাটর্নি জেনারেল তা দৃঢ়তার সঙ্গে খণ্ডন করেন। তিনি বলেন, সৈয়দ আবুল মকসুদ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সপক্ষে উচ্চকিত কণ্ঠ। মহান লেখক। দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি অবশ্যই কারও দ্বারা প্রভাবিত হননি। তবে তাঁর ভুল হতে পারে। এর আগে এম জহির ও সুব্রত চৌধুরী একই বক্তব্য দেন।সৈয়দ আবুল মকসুদ ভুল বক্তব্য দেওয়ায় ২ মার্চ আদালত তাঁকে তিরস্কার করেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। আদালত তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে নির্দেশ দিলে গতকাল তিনি তা পালন করেন। কিন্তু আদালত তাঁকে বলেন, এটি যথাযথভাবে পেশ করা হয়নি। কারণ হলফনামা দেওয়ার দরকার ছিল। আদালতের প্রশ্নের জবাবে সৈয়দ আবুল মকসুদ বলেন, তিনি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে মসজিদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি দুটি পত্রিকার ক্লিপিং পেশ করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান তা পড়ে শোনান। সেখানে মসজিদ স্থানান্তরের বিষয়ে কমিটির কাছে সুপারিশ চাওয়া-সংক্রান্ত বক্তব্য আছে।আদালত গতকাল বলেন, এতে মসজিদ ভাঙার কথা নেই। কিন্তু তিনি আগুন জ্বালানোর উসকানি দিয়েছেন। তিনি মূর্খ, অশিক্ষিত, মিথ্যাবাদী, চক্রান্তকারী।সৈয়দ আবুল মকসুদ তাঁর চিঠিতে মহাস্থানগড়ের প্রত্নসম্পদ রক্ষায় পদক্ষেপ নেওয়ায় আদালতকে অভিনন্দন জানান। এরপর তিনি বলেন, প্রাচীন মসজিদ ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিয়ে নতুন করে বানাতে ‘উদ্যোগ নিলে’ দেশে আগুন জ্বলবে।আদালতের নির্দেশে আবুল মকসুদ গতকাল আদালতকক্ষে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টায় আদালত থেকে বের হয়ে তিনি আবেগজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘এ দেশের প্রতিটি গণমুখী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম ও আছি। আজ আমাকেই এসব কথা শুনতে হলো।’তবে রফিক-উল হক প্রথম আলোকে বলেন, আবুল মকসুদ দুঃখ প্রকাশের আবেদনটি আইনজীবীর মাধ্যমে না দিয়ে নিজেই পেশ করেন, তাই হলফনামার দরকার ছিল না।