সৈয়দ আলী আসগর রিজভী আর নেই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ক্যাপ্টেন এবং অ্যালায়েন্স প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী আসগর রিজভী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি বিমানের সিঁড়িতে দুর্ঘটনায় আহত হয়ে গতকাল সোমবার তিনি মারা যান। আলী আসগর রিজভীর বয়স হয়েছিল ৭৩ বছর।
ছোট ভাই ও চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী বলেন, সৈয়দ আলী আসগর রিজভী মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছিলেন। বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় দুর্ঘটনাবশত সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
সৈয়দ আলী আসগর রিজভী স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর বড় ভাই।
গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) আজ এশার নামাজের পর সৈয়দ আলী আসগর রিজভীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে এলেনবাড়ি কবরস্থানে (প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে ড্রাম ফ্যাক্টরি) দাফন করা হবে।
কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী সৈয়দ আলী আসগর রিজভী পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে বাদশাহ বা কেনেডি নামে পরিচিত ছিলেন। ব্রিটিশ ভারতের তৎকালীন বেঙ্গল সিভিল সার্ভিসের কর্মকর্তা মরহুম সৈয়দ নাসিরউদ্দিন হায়দারের বড় ছেলে তিনি।