সৈয়দ আশরাফ সম্পর্কে মিথ্যা তথ্যের প্রতিবাদ করেছে আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিত থাকার বিষয়ে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল রোববার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। এতে বলা হয়, সহযোগী সংগঠনের নেতাদের বরাত দিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবর অতিরঞ্জিত, বাস্তবতাবিবর্জিত ও অনভিপ্রেত। প্রতিবেদকেরা মনের মাধুরী মিশিয়ে যে সংবাদ পরিবেশন করেছেন, তা আদৌ উচিত হয়নি বলে মত প্রকাশ করেন জনাব হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সাধারণ সম্পাদককে উদ্দেশ করে এ ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশনের আগে যথেষ্ট খোঁজ নেওয়া দরকার ছিল। বিবৃতিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগদান করায় সময়মতো যৌথ সভায় যোগ দিতে পারেননি। তবে তিনি যুগ্ম সাধারণ সম্পাদককে সভার কাজ চালিয়ে যেতে বলেন। সভা শেষ হওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম ধানমন্ডিতে দলের কার্যালয়ে এসে সভার আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হন। বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক সংগঠনে যেকোনো আলোচনায় দ্বিমত, বহুমত, সমালোচনা ও আত্মবিশ্লেষণ থাকতেই পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় ঐকমত্যের ভিত্তিতে। সেখানে বিভেদ ও অনৈক্য কাল্পনিক বিষয়। বিজ্ঞপ্তি।