আশরাফের কড়া সমালোচনা করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন জাতির কাছে ও পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। জাতীয় পার্টি সে নির্বাচনে অংশ নেবে না। আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির (জাপা) বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কড়া সমালোচনা করেছেনে এরশাদ। তিনি বলেন, গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের কাছে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন বলে তিনি দাবি করেন। সে বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এরশাদ জানান।
এরশাদ বলেন, ‘মহাজোট ত্যাগ করা কিংবা মহাজোটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে বৈঠকে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। কিন্তু সৈয়দ আশরাফ বৈঠক সম্পর্কে সংবাদমাধ্যমে যে তথ্য পরিবেশন করেছেন, তাতে আমি স্তম্ভিত হয়েছি। তাঁর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক। তিনি আমার দলকে হেয় করেছেন, ছোট করেছেন। আশা করছি তিনি তাঁর এই বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে নেবেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সর্বদলীয় সরকারের যে প্রস্তাব উপস্থাপন করেছেন তার প্রধান কে হবেন, তা আমরা জানতে চেয়েছি।’ উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, তিনিই প্রধান থাকবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভাষণের পরদিনই ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ঠিক হয়নি বলেও এরশাদ প্রধানমন্ত্রীকে জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘরোয়া সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে বাইরে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। কারণ সরকারের কাছে তথ্য আছে, বিরোধী দল নাশকতা করতে পারে।

বিএনপি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে যাবে বলে গতকাল সৈয়দ আশরাফ যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলে দাবি করেন এরশাদ। তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।