সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদে নিসচার মানববন্ধন
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেছে। সড়ক দুর্ঘটনা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে তারা এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনের পর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ শাহাদাত হোসেন, সাংবাদিক জাহিদুল করিম, আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা এস এ মতিন, আলমগীর নুর, কামরুল ইসলাম, বেলায়েত হোসেন, এস এম সালাউদ্দীন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ।সমাবেশে বক্তারা বলেন, ট্রাফিক আইন অমান্য করা, বেপরোয়া গাড়ি চালানো, অপরাধীকে শাস্তির আওতায় না আনা, প্রশিক্ষণ ছাড়া লাইসেন্স দেওয়া ইত্যাদি কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে।বক্তারা স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, সরকারের এমন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য আপরাধীকে আরও বেপরোয়া হতে উৎসাহ জোগাবে। এ ধরনের বক্তব্য সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি অবমাননার শামিল।সমাবেশ থেকে বক্তারা স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।প্রসঙ্গত, সম্প্রতি সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সৈয়দ আশরাফ ‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট’ এবং এ ক্ষেত্রে সরকারের তেমন কিছু করার নেই বলে মন্তব্য করেন।