সৈয়দ আশরাফের সঙ্গে সিপিবির দুই শীর্ষ নেতার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শীর্ষ দুই নেতার বৈঠক হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রীর বেইলি রোডের সরকারি বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে সিপিবির পক্ষে দলের সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সস্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অংশ নেন। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা কথা বলেন।এ ব্যাপারে জানতে চাইলে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান প্রথম আলোকে বলেন, ‘উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার, ’৭২-এর সংবিধান পুনর্বহালের বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়া জনজীবনে দুর্ভোগ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা নিয়ে কথা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে সিপিবির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের মধ্যে অনেক দিন ধরে কথাবার্তা হয় না। মুক্তিযুদ্ধে সিপিবির বড় ভূমিকা ছিল। তা ছাড়া নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত।’