সৈয়দ ওয়াহিদুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম (৭৮) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই, জনপ্রশাসনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চাচা। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল বুধবার বাদ জোহর শহরের শহীদি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তাঁর ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, বাজিতপুর-নিকলীর সাংসদ আফজাল হোসেন, জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। বাদ আসর সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদাম পাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।