সৈয়দ নজরুল মেডিকেল কলেজের ভূমি বুঝে পেল কর্তৃপক্ষ
কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভূমি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। শহরের যশোদল এলাকায় সাবেক ন্যাশনাল সুগার মিলের ২০ দশমিক ৮৪ একর ভূমি অধিগ্রহণের পর গতকাল রোববার প্রশাসন ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মুনসুর খলীলের কাছে তা বুঝিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরে আলম সিদ্দিকী, কলেজের উপাধ্যক্ষ নৌশাদ খান প্রমুখ। প্রশাসন সূত্র জানায়, অধিগ্রহণ করা ভূমির মূল্য ৩৫ কোটি টাকা। প্রায় চার বছর আগে এ ভূমিটি প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে আফতাব গ্রুপ তিনটি শিল্প ইউনিট প্রতিষ্ঠার জন্য কিনে নেয়। পরে প্রয়াত জাতীয় নেতা সৈয়দ নজরুলের গ্রামের বাড়ি যশোদলে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠার গণদাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে সাবেক ন্যাশানাল সুগার মিলের এই ভূমিটি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়। পরে আফতাব গ্রুপ হাইকোর্টে এ ঘটনায় মামলা করে। ঘটনাটি জানাজানি হলে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষের জন্য দুটি বড় ইমারতের দরপত্র প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’