সৈয়দ মনজুরুল ইসলামের বইয়ের মোড়ক উন্মোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর আওতায় ঢাকা ট্রান্সলেশন সেন্টার (ডিটিসি) আয়োজিত অনুষ্ঠানে লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের ‘আজগুবি রাত’ উপন্যাসটি পুস্পিতা আলমের ইংরেজি অনুবাদে ও অরুনাভ সিনহার সম্পাদনায় ‘অ্যাবসার্ড নাইট, আ নভেল’-এর মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার ইউল্যাব-এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি ছিল আলোচনামূলক। আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম, ডিটিসির পরিচালক প্রফেসর কায়সার হক এবং বইটির লেখক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি শুরু হয় আলোচকদেরদ্বারা বইটির মোড়ক উন্মোচন করে। কায়সার হক তাঁর অনেক বছরের অনুবাদ অভিজ্ঞতা থেকে একজন অনুবাদকের কীভাবে কাজ করা উচিত সে বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে তিনি বলেন, ডিটিসি বাংলাদেশি সাহিত্যকে ইংরেজিতে অনুবাদের মাধ্যমে কীভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরার কাজ করছে। তিনি আরও বলেন, ‘অনুবাদকও লেখক, যদি লেখক বেঁচে থাকেন, তবে তাদের একসঙ্গে কাজ করা উচিত। অনুবাদটি অনুবাদক এবং লেখকের মধ্যে একটি সহযোগিতাপূর্ণ কাজ হওয়া উচিত। অতীতের অনুবাদ গুলোতে পেশাদারিত্বের অভাব লক্ষ্য করা যায়। ডিটিসি এটি পরিবর্তন করার চেষ্টা করছে।’

লেখক সৈয়দ মনজুরুল ইসলাম উপন্যাসটি রচনার অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘গল্পের কিছুই আসলে সম্পূর্ণ কাল্পনিক নয়, পাথরঘাটায় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া।’

প্রধান অতিথি ড. ফকরুল আলম সৈয়দ মনজুরুল ইসলামের লেখার রীতি নিয়ে কথা বলেন। তাঁর ভাষায়, ‘সৈয়দ মনজুরুল ইসলাম তাঁর লেখায় দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে, তবে তার ভাষ্য একদম খাঁটি গল্পকারের।’ তিনি বইয়ের কিছু অংশ দর্শকদের পড়ে শোনান। অনুষ্ঠান শেষে দর্শকেরা প্রশ্ন করে এবং তাঁদের মতামত জানিয়ে অংশগ্রহণ করেন।