
হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর। গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, গতকাল সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা, নিবেদিত সমাজকর্মী ও জনপ্রিয় এই নেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা ও সর্বস্তরের হাজারো মানুষ শরিক হন। পরে এই মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং বিরোধীদলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা মহসিন আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুর সাড়ে বারোটার দিকে মহসিন আলীর মরদেহ বহনকারী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে মন্ত্রীর পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতারা মরদেহ গ্রহণ করেন। বেলা একটার দিকে মরদেহ মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার বাসভবনে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্টজনসহ অগণিত মানুষ মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মুশতাক আলী। বিকেল চারটার দিকে জানাজা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেন। তিনি নিউমোনিয়া, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।