সৈয়দ শামসুল হক স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতি ধরে রাখতে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর সমাধি চত্বরে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা হবে। গতকাল বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে সৈয়দ হকের সমাধিস্থল পরিদর্শন করে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্দেশনা রয়েছে সৈয়দ হকের স্মৃতি ধরে রাখার জন্য একটি কমপ্লেক্স নির্মাণ করার। তাঁর লেখা মানুষের মাঝে ছড়িয়ে দিতে গ্রন্থাগার ও সেমিনার কক্ষসহ মিউজিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, সৈয়দ হক বাংলাদেশকে ধারণ করেছেন। মুক্তিযুদ্ধকে লালন করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখতে আধুনিক শিল্প-সংস্কৃতির চর্চাকেন্দ্র হিসেবে এটি গড়ে তোলা হবে।

আসাদুজ্জামান নূর বলেন, দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে মন্ত্রণালয়ের উদ্যোগে মেলা হয়। সৈয়দ হকের স্মরণে তাঁর জন্মদিনে এমন আয়োজনের পরিকল্পনা চলছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান বলেন, স্মৃতি কমপ্লেক্সের জন্য কুড়িগ্রাম সরকারি কলেজ ও গণপূর্ত বিভাগের এক একর জমি নির্ধারণ করা হয়েছে।

পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ নিয়ে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, কবিপত্নী আনোয়ারা সৈয়দ হকসহ তাঁর পরিবারের সদস্যরা।