সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে যান। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে যান। ছবি: ফোকাস বাংলা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চিকিৎ​সার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই লেখককে দেখতে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী বিকেল সোয়া ৪টায় হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে ফুসফুসের ক্যানসারের জন্য চিকিৎসাধীন কবির পাশে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।’ তিনি বলেন, সৈয়দ শামসুল হককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর চিকিৎসার সব দায়িত্ব তিনি (প্রধানমন্ত্রী) নেবেন।
ইহসানুল করিম আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে কবি আবেগপ্রবণ হয়ে পড়েন। শেখ হাসিনা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কবির চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং কবির আশু রোগমুক্তি কামনা করেন।

এ সময় কবির স্ত্রী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।

লন্ডনের রয়াল মার্সডেন হাসপাতালে চার মাস চিকিৎসার পর গত ২ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। এর আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে তিনি লন্ডনে যান এবং সেখানে পরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়ে।