সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও লেখক সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই লেখককে গতকাল শনিবার দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী বিকেল সোয়া চারটার দিকে হাসপাতালে গিয়েছিলেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত চিকিৎসাধীন কবির পাশে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি।’ প্রেস সচিব আরও বলেন, এ সময় কবিকে প্রধানমন্ত্রী জানান, তিনি তাঁর চিকিৎসার সব দায়িত্ব নেবেন।

সৈয়দ শামসুল হকের চিকিৎসার ব্যাপারে শেখ হাসিনা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন বলেও জানান ইহসানুল করিম।

লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে চার মাস চিকিৎসার পর ২ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। এর আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে তিনি লন্ডনে যান। সেখানে পরীক্ষার পর তাঁর ক্যানসার ধরা পড়ে।