সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা।

সৈয়দ শামসুল হকের ৮০তম এবং রাবেয়া খাতুনের ৮১তম জন্মদিন ছিল গতকাল রোববার। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল তাঁদের পক্ষে দুই সাহিত্যিকের কাছে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দেন। খবর বাসসের।

সৈয়দ শামসুল হকের গুলশানের বাসভবনে গিয়ে মাহবুবুল হক এ সময় তাঁকে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যারা চান আপনি এবং আপনার কলম শতায়ু হোক।’ সৈয়দ শামসুল হক শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাঙালির বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

লেখকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় হক, পুত্রবধূ, নাতি-নাতনিসহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষ থেকে মাহবুবুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন। ফুলের তোড়া গ্রহণ করে রাবেয়া খাতুন শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি স্নেহ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাবেয়া খাতুনের বড় ছেলে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।